মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৯৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ)-এর পোশাক
২৯৫. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন খারেজীদের উৎপত্তি হল, তখন আমি হযরত আলী রাযি.-এর নিকট আসলাম। তিনি বললেন, তুমি এদের (খারেজীদের) কাছে যাও (এবং তাদেরকে বুঝানোর চেষ্টা কর।) ইবনে আব্বাস বলেন, আমি তখন এক জোড়া অতি সুন্দর ইয়ামানী কাপড় পরলাম। ঘটনা বর্ণনাকারী আবূ যামীল বলেন, ইবনে আব্বাস খুবই সুন্দর মানুষ ছিলেন এবং তার আওয়াযও ছিল খুবই উঁচু। ইবনে আব্বাস বলেন, আমি তাদের কাছে আসলে তারা বলল, মারহাবা। হে ইবনে আব্বাস! (সাথে সাথে তিরস্কারের উদ্দেশ্যে তারা বলল,) এই দামী পোশাক কি? (তাদের উদ্দেশ্য এই ছিল যে, এই দামী ও সুন্দর পোশাক নবী করীম (ﷺ)-এর আদর্শ ও তাওয়ার পরিপন্থী।) ইবনে আব্বাস বলেন, আমি বললাম, তোমরা আমার এ পোশাকের দোষ ধরছ? আমি তো রাসূলুল্লাহ (ﷺ) এর পরিধানে অতি উত্তম ও সুন্দর পোশাক দেখেছি। -আবূ দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنُ عَبَّاسٍ، قَالَ: لَمَّا خَرَجَتِ الْحَرُورِيَّةُ أَتَيْتُ عَلِيًّا فَقَالَ: ائْتِ هَؤُلَاءِ الْقَوْمَ فَلَبِسْتُ أَحْسَنَ مَا يَكُونُ مِنْ حُلَلِ الْيَمَنِ قَالَ أَبُو زُمَيْلٍ: وَكَانَ ابْنُ عَبَّاسٍ رَجُلًا جَمِيلًا جَهِيرًا - قَالَ: فَأَتَيْتُهُمْ فَقَالُوا: مَرْحَبًا بِكَ يَا ابْنَ عَبَّاسٍ مَا هَذِهِ الْحُلَّةُ قَالَ: مَا تَعِيبُونَ عَلَيَّ «لَقَدْ رَأَيْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ مَا يَكُونُ مِنَ الحُلَلِ» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর এ বক্তব্য থেকেও জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) কখনো কখনো উত্তম ও মূল্যবান পোশাকও পরিধান করেছেন। এজন্য ঐ খারেজীদের এ কথা মনে করা যে, উত্তম ও সুন্দর পোশাক ব্যবহার করা নবী করীম (ﷺ)-এর রীতি ও তাকওয়ার দাবীর পরিপন্থী, এটা তাদের মূর্খতার ফল। হ্যাঁ, পরিধানকারীর উদ্দেশ্য যদি গর্ব-অহংকার ও নিজের বড়লোকী প্রদর্শন হয়, তাহলে এটা মারাত্মক পর্যায়ের গুনাহ ও আল্লাহর ক্রোধের কারণ হবে, যেমন পূর্বের হাদীসসমূহ থেকে জানা গিয়েছে। কিন্তু যদি আল্লাহর নেয়ামতের প্রকাশ অথবা অন্য কোন দ্বীনি সুবিবেচনায় পরিধান করা হয়, তখন এটা কেবল জায়েযই নয়; বরং প্রতিদান ও সওয়াবের কারণ হবে। রাসূলুল্লাহ (ﷺ) যে উত্তম পোশাক পরিধান করেছেন, এটা আল্লাহর নেয়ামতের প্রকাশের জন্যও ছিল, যারা নিয়ে আসতেন, তাদের মন খুশী করার জন্যও ছিল এবং বৈধতা প্রমাণের জন্যও ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান