মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৪০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খানা ডান হাতে এবং নিজের সামনে থেকে খাবে
২৪০. হযরত উমর ইবনে আবূ সালামা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কোলে ছোট্ট শিশু হিসাবে প্রতিপালিত হচ্ছিলাম। (খাওয়ার সময়) আমার হাত পাত্রের সবদিকে চলত। তাই রাসূলুল্লাহ (ﷺ) আমাকে উপদেশ দিলেন যে, (খাওয়ার শুরুতে) 'বিসমিল্লাহ' পড়, ডান হাতে খাও এবং নিজের সামনে থেকে খাও। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، قَالَ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
আবু সালামা রাযি. রাসূলুল্লাহ (ﷺ)-এর ফুফাতো ভাই ও প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের একজন ছিলেন। উম্মে সালামা রাযি. তাঁর স্ত্রী ছিলেন এবং বড়ই নিষ্ঠাবান মু'মিন ছিলেন। এ হাদীসের রাবী উমর ইবনে আবূ সালামা তাদেরই পুত্র ছিলেন। তৃতীয় অথবা চতুর্থ হিজরীতে আবূ সালামা রাযি. ইন্তিকাল করলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর বিধবা স্ত্রী উম্মে সালামাকে তাঁর সান্ত্বনার জন্য বিয়ে করেন। তার এই পুত্র উমর ইবনে আবু সালামা- যিনি তখন অল্পবয়সী শিশু ছিলেন, হুযুর (ﷺ)-এর প্রতিপালনে আসেন। তিনি বলেন যে, শিশুকালে যখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তাঁর সাথে বসিয়ে একই পাত্রে খানা খাওয়াতেন, তখন আমার হাত পাত্রের সবদিকে চলত। তাই তিনি আমাকে শিক্ষা দিলেন যে, 'বিসমিল্লাহ্' বলে খানা খাও, ডান হাতে খাবার গ্রহণ কর এবং নিজের সামনে থেকে খাও। (অন্য কোন কোন হাদীস থেকে জানা যায় যে, খানা যদি বিভিন্ন প্রকার হয় অথবা বিভিন্ন ধরনের ফল হয়, তাহলে সবদিকেই হাত বাড়ানো যায়।)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)