মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২২৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
প্রতিটি নেশা আনয়নকারী বস্তু হারাম
২২৬. হযরত আবু মূসা আশআরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (দাওয়াত ও তাবলীগ এবং অন্যান্য দ্বীনি উদ্দেশ্যে) আমাকে ও মু'আয ইবনে জাবালকে ইয়ামানের দিকে প্রেরণ করলেন। তিনি বললেন, তোমরা লোকদেরকে সত্য দ্বীনের প্রতি আহবান জানাবে, তাদেরকে (শুভ পরিণতির) সুসংবাদ দিবে, তাদেরকে এমন কথা বলবে না, যার দ্বারা তারা আতংকিত হয় ও দূরে সরে যায়, তাদের সাথে সহজ ব্যবহার করবে, কঠিন আচরণ করবে না। আবূ মূসা বলেন, আমি নিবেদন করলাম, আমাদেরকে দু'টি মদ সম্পর্কে শরী‘আত বিধান বলে দিন, যা আমরা ইয়ামানে তৈরী করতাম। (অর্থাৎ, সেখানে এগুলো পান করার ব্যাপক প্রচলন ছিল।) একটি হচ্ছে ঐ মদ, যাকে 'বিতা' বলা হয়। এটা মধু দ্বারা তৈরী করা হয়। (নির্দিষ্ট পরিমাণ) মধুর মধ্যে পানি মিশিয়ে ছেড়ে রাখা হয়, যে পর্যন্ত না এতে উত্তেজনা এসে যায়। দ্বিতীয় প্রকার হচ্ছে ঐ মদ, যাকে 'মিযর' বলা হয়। এটা চিনা ও যব দিয়ে তৈরী করা হয়। এটাও পানিতে ছেড়ে রাখা হয়- যে পর্যন্ত না এতে উত্তেজনা এসে যায়। আবু মূসা বলেন, আল্লাহ্ তা'আলা রাসূলুল্লাহ (ﷺ)কে অল্প কথায় বেশী মর্ম প্রকাশের বিশেষ যোগ্যতা দান করেছিলেন। তাই তিনি বললেন: أنهى عن كل مسكر. أسكر عن الصلاة অর্থাৎ, আমি এমন প্রতিটি জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করি, যা নেশাগ্রস্ত করে দেয় এবং মানুষকে নামায থেকে গাফেল করে দেয়। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عن أَبِيْ مُوْسَى قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ: ادْعُوَا النَّاسَ وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا وَيَسِّرَا وَلاَ تُعَسِّرَا. قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفْتِنَا فِي شَرَابَيْنِ كُنَّا نَصْنَعُهُمَا بِالْيَمَنِ الْبِتْعُ وَهُوَ مِنَ الْعَسَلِ يُنْبَذُ حَتَّى يَشْتَدَّ وَالْمِزْرُ وَهُوَ مِنَ الذُّرَةِ وَالشَّعِيرِ يُنْبَذُ حَتَّى يَشْتَدَّ قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُعْطِيَ جَوَامِعَ الْكَلِمِ بِخَوَاتِمِهِ فَقَالَ: أَنْهَى عَنْ كُلِّ مُسْكِرٍ أَسْكَرَ عَنِ الصَّلاَةِ. (رواه البخارى ومسلم واللفظ له)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে সর্ববিদিত একটি মূলনীতি জানা গেল যে, যে জিনিস খাওয়া অথবা পান করাতে নেশা সৃষ্টি হয় এবং নামাযের মত বিষয় থেকে উদাসীনতা পয়দা হয়, এটা ইসলামী শরী‘আতে নিষিদ্ধ ও নাজায়েয। এর দ্বারা গাজা, আফিম, ভাং ইত্যাদির নির্দেশও জানা গেল, যা নেশা সৃষ্টি করে এবং নেশার জন্যই ব্যবহার করা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)