মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২১০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব ও এর বিধি-বিধান
২১০. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাদের জন্য দু'টি মৃত প্রাণী ও দু'ধরনের রক্ত হালাল করে দেওয়া হয়েছে। দু'টি মৃত প্রাণী হচ্ছে মাছ ও টিড্ডি, আর দু'প্রকার রক্ত হচ্ছে কলিজা ও তিল্লি। (যা প্রকৃতপক্ষে জমাট বাঁধা রক্ত) -আহমাদ, ইবনে মাজাহ, দারাকুতনী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِيْ عُمَرَ قَالَ: قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ فَأَمَّا الْمَيْتَتَانِ الْحُوتُ وَالْجَرَادُ وَأَمَّا الدَّمَانِ الْكَبِدُ وَالطِّحَالُ. (رواه احمد وابن ماجه والدار قطنى)
হাদীসের ব্যাখ্যা:
যাবতীয় হালাল পশুর জন্য শরী‘আত বিধান ও নীতি এই যে, এগুলো যদি শরী‘আত নির্দিষ্ট পদ্ধতিতে যবেহ করা হয় তাহলে হালাল, আর যদি যবেহ করা ছাড়া এমনিই মরে যায়, তাহলে এ ধরনের মৃত হারাম। কিন্তু দু'টি জিনিস এর ব্যতিক্রম। (১) মাছ, (২) টিড্ডি। (এক প্রকার মাংসল পঙ্গপাল, যা ফসলের উপর ঝাঁকে ঝাঁকে পতিত হয়) এ দু'টি মরে গেলেও হালাল থাকে। তদ্রূপভাবে কলিজা ও তিল্লি যদিও আসলে জমাট রক্ত, আর রক্ত হারাম, কিন্তু যখন তা জমাট বেঁধে কলিজা ও তিল্লির আকৃতি ধারণ করে, তখন আল্লাহ তা'আলার বিধানে এটা হালাল হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)