মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৯৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব ও এর বিধি-বিধান
১৯৯. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম جلاله নাপাকভোজী প্রাণী খেতে নিষেধ করেছেন এবং এর দুধ পান করতেও নিষেধ করেছেন। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الجَلاَّلَةِ وَأَلْبَانِهَا. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
কখনো কখনো কোন কোন পশু উট, গরু, বকরী ইত্যাদির স্বভাব এমন নষ্ট হয়ে যায় যে, এগুলো কেবল নাপাক ও অপবিত্র বস্তুই খায়। এমনকি এগুলোর গোশত ও দুধে এর দুর্গন্ধ অনুভূত হতে থাকে। এমন পশুকেই جلاله নাপাকভোজী বলা হয়। এ হাদীসে এমন পশুর গোশত ও দুধ খেতে নিষেধ করা হয়েছে। কোন মুরগীর অবস্থা যদি এমন হয়, তাহলে এর বিধানও তাই। হ্যাঁ, যদি এ পশুকে এতদিন পর্যন্ত বেঁধে রেখে ও নিয়ন্ত্রণে রেখে অপবিত্র বস্তু খাওয়া থেকে ফিরিয়ে রাখা হয় যে, তার গোশত ও দুধে এর কোন প্রভাব অবশিষ্ট থাকে না, তাহলে এর গোশত খাওয়া ও দুধ পান করা জায়েয হবে। এখন আর এটাকে جلاله এর গোশত ও দুধ বলা হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)