মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৮০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কৌতুক ও রসিকতা
১৮০. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এক বৃদ্ধা মহিলাকে বললেন, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। মহিলাটি নিবেদন করল, তাদের কি হল, যে কারণে জান্নাতে যেতে পারবে না। ঐ মহিলাটি কুরআন পড়তে জানত। তাই রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন যে, তুমি কি কুরআনের এ আয়াতটি পড়নি? اِنَّاۤ اَنۡشَاۡنٰہُنَّ اِنۡشَآءً.فَجَعَلۡنٰہُنَّ اَبۡکَارًا (যার অর্থ এই যে, জান্নাতী রমণীদেরকে আমি বিশেষরূপে সৃষ্টি করব। তারপর তাদেরকে নিত্যকুমারী বানিয়ে দিব।) -মুসনাদে রযীন
کتاب المعاشرت والمعاملات
عَنِ اَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِامْرَأَةٍ عَجُوْزٍ إِنَّهُ " لَا تَدْخُلُ الْجَنَّةَ عَجُوزٌ، فَقَالَتْ وَمَا لَهُنَّ؟ وَكَانَتْ تَقْرَأُ الْقُرْآنَ فَقَالَ لَهَا اَمَا تَقْرَئِيْنَ الْقُرْآنَ {“ إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً ﴿٣٥﴾فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا} (رواه زرين)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আনাস রাযি.-এর এ দু'টি হাদীসই রাসূলুল্লাহ (ﷺ)-এর সূক্ষ্ম রসিকতার দৃষ্টান্ত। কোন কোন হাদীসে রসিকতার নিষেধাজ্ঞাও এসেছে কিন্তু এ হাদীসগুলোতে এর পক্ষে ইঙ্গিত বর্তমান রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ)-এর যে আদর্শ উপরের হাদীসগুলোতে ফুটে উঠেছে, এটাও এর ইঙ্গিতবহ; বরং স্পষ্ট দলীল যে, নিষেধাজ্ঞা ঐ রসিকতার উপর আরোপ করা হয়েছে, যা অন্যের অসন্তুষ্টি ও মনঃকষ্টের কারণ হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)