মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৭১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মুখ নিঃসৃত কোন কথা কল্যাণ ও সফলতার কারণও হতে পারে আর ধ্বংসেরও কারণ হতে পারে
১৭১. হযরত বিলাল ইবনুল হারিস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মানুষ কখনো কখনো এমন ভালো কথা বলে, যার মূল্য ও মর্যাদা সে নিজেই জানে না, কিন্তু আল্লাহ্ তা'আলা এ একটি কথার কারণে তাঁর দরবারে উপস্থিত হওয়া' পর্যন্ত তার জন্য আপন সন্তুষ্টির ফায়সালা করে দেন। অনুরূপভাবে মানুষ কখনো কখনো এমন খারাপ কথা বলে ফেলে, যার মন্দ পরিণতির কথা সে জানে না, কিন্তু আল্লাহ্ তা'আলা এ একটি কথার কারণে তাঁর সাথে সাক্ষাতের সময় পর্যন্ত তার জন্য নিজের অসন্তুষ্টির ফায়সালা করে নেন। শারহুস্সুন্নাহ
[এ ধরনের একটি হাদীস ইমাম মালেক (রহ) মুয়াত্তা গ্রন্থ, ইমাম তিরমিযী তাঁর তিরমিযী শরীফে এবং ইমাম ইবনে মাজাহ ইবনে মাজাহ্ শরীফেও বর্ণনা করেছেন।]
[এ ধরনের একটি হাদীস ইমাম মালেক (রহ) মুয়াত্তা গ্রন্থ, ইমাম তিরমিযী তাঁর তিরমিযী শরীফে এবং ইমাম ইবনে মাজাহ ইবনে মাজাহ্ শরীফেও বর্ণনা করেছেন।]
کتاب المعاشرت والمعاملات
عَنْ بِلالِ بْنِ الْحَارِثِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنَ الْخَيْرِ، مَا يَعْلَمُ مَبْلَغَهَا يَكْتُبُ اللَّهُ لَهُ بِهَا رِضْوَانَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ، وَإِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنَ الشَّرِّ، مَا يَعْلَمُ مَبْلَغَهَا يَكْتُبُ اللَّهُ بِهَا عَلَيْهِ سَخَطَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ». (رواه فى شرح السنة روى والترمذى وابن ماجه نحوه)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির উদ্দেশ্য ও দাবী এই যে, আল্লাহর বান্দাদের উচিত, তারা যেন আল্লাহ ও আখেরাতের পরিণতি থেকে উদাসীন হয়ে কথাবার্তা না বলে। মুখ নিঃসৃত কথা এমনও হতে পারে, যা বান্দাকে আল্লাহর বিশেষ সন্তুষ্টি ও রহমতের অধিকারী বানিয়ে দিবে। আর (আল্লাহ্ রক্ষা করুন।) এমনও হতে পারে, যা আল্লাহর সন্তুষ্টি ও রহমত থেকে তাকে বঞ্চিত করে জাহান্নামে পৌঁছে দিতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)