মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৬৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
লোকদের বৃত্তের মধ্যে এসে বসে যাওয়া কঠোরভাবে নিষেধ
১৬৭. হযরত হুযায়ফা রাযি. থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ (ﷺ) এর যবান মুবারকে ঐ ব্যক্তিকে অভিশাপযোগ্য বলা হয়েছে, যে মানুষের বৃত্তের মাঝখানে এসে বসে যায়। -তিরমিযী, আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ حُذَيْفَةَ مَلْعُونٌ عَلَى لِسَانِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَعَدَ وَسْطَ الْحَلْقَةِ» (رواه الترمذى وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

হাদীস ব্যাখ্যাতাগণ এর কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যা এই যে, আল্লাহর বান্দারা বৃত্ত বানিয়ে বসে আছে। এর মধ্যে এক, অভদ্র ও শিষ্টাচার বর্জিত ব্যক্তি এসে সবাইকে মানসিক কষ্ট দেয়ার জন্য লোকদের উপর দিয়ে ডিঙ্গিয়ে বৃত্তের মাঝখানে এসে বসে যায়। নিঃসন্দেহে এটা কঠিন অপরাধমূলক আচরণ এবং এমন ব্যক্তি মানুষের অভিশাপ পাওয়ারই যোগ্য। দ্বিতীয় ব্যাখ্যা এই করা হয় যে, আল্লাহর কিছু বান্দা বৃত্ত বানিয়ে বসে আছে আর এদের প্রত্যেকেই অন্যের মুখোমুখি। এমন সময় এক ব্যক্তি এসে এভাবে বৃত্তের মাঝখানে বসে যায় যে, কিছু লোকের মুখোমুখি বসা আর বাকী থাকে না। স্পষ্টতই এটাও অভব্য ও কষ্টদায়ক আচরণ। তৃতীয় ব্যাখ্যা: এই করা হয় যে, এর দ্বারা ঐ কৌতুকপ্রবণ ব্যক্তি উদ্দেশ্য, যে মানুষের মাঝে তাদেরকে হাসাবার জন্য বসে যায় এবং এটাই তাদের নেশা ও কাজ হয়ে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান