মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৬১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হুযুর (ﷺ) নিজে কিভাবে শয়ন করতেন
১৬১. হযরত হুযায়ফা রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) যখন রাতের বেলা শয্যা গ্রহণ করতেন, তখন স্বীয় হাতটি গালের নীচে রাখতেন এবং বলতেন, اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا (হে আল্লাহ! আমি তোমার নামেই মরতে চাই, আর তোমার নামেই বাঁচতে চাই।) তারপর যখন জাগ্রত হতেন, তখন বলতেন: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ (সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে (এক প্রকার) মৃত্যু দিয়ে আবার জীবিত করে দিয়েছেন। আর তাঁরই দিকে (মৃত্যুর পর) আমাদের সবাইকে ফিরে যেতে হবে।) -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ حُذَيْفَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ، ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا» وَإِذَا اسْتَيْقَظَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ» (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
অন্যান্য বর্ণনায় একথারও উল্লেখ রয়েছে যে, তিনি ডান কাতে নিজের ডান হাতটি গালের নীচে রেখে নিদ্রা যেতেন এবং অন্যদেরকেও এর উপদেশ দিতেন। তাছাড়া এ হাদীসে নিদ্রা যাওয়ার সময় ও এরপর জাগ্রত হওয়ার সময় যে সংক্ষিপ্ত দু‘আর উল্লেখ রয়েছে, অন্যান্য হাদীসে এটা ছাড়াও আরো বিভিন্ন দু‘আ এ ক্ষেত্রের জন্য বর্ণিত হয়েছে। এসব হাদীস মা'আরিফুল হাদীস সিরিজের ৫ম খণ্ডে 'নিন্দ্রা যাওয়ার সময়ের দু‘আসমূহ' শিরোনামে আগেই আনা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)