মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৪৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সাক্ষাত অথবা ঘরে কিংবা মজলিসে আসার জন্য অনুমতি নেওয়া প্রয়োজন
১৪৩. হযরত আতা ইবনে ইয়াসার তাবেয়ী থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞাসা করল যে, আমি কি আমার মায়ের কাছে যাওয়ার জন্যও পূর্ব অনুমতি গ্রহণ করব? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, মায়ের কাছে যাওয়ার জন্যও অনুমতি প্রার্থনা কর। লোকটি বলল, আমি আমার মায়ের সাথেই থাকি। (অর্থাৎ, আমার ঘর পৃথক নয়, আমরা মা-পুত্র একই ঘরে একসাথে অবস্থান করি। (তাই এমতাবস্থায়ও কি এর প্রয়োজন রয়েছে যে, অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করব?) তিনি বললেন, হ্যাঁ, অনুমতি নিয়েই ঘরে প্রবেশ কর। ঐ ব্যক্তি বলল, আমিই তার খাদেম। (অর্থাৎ, আমিই তার কাজকর্ম করে দেই। এ জন্য বার বার যেতে হয়। তাই এমতাবস্থায় তো প্রতিবার অনুমতি নিতে হবে না।) তিনি বললেন, অনুমতি নিয়েই তার কাছে যাও। তুমি কি এটা পছন্দ কর যে, তাকে (অসাবধান অবস্থায়) বিবস্ত্র দেখবে? সে বলল, না। তিনি তখন বললেন, তাহলে অনুমতি নিয়েই তার কাছে যাও। -মুয়াত্তা মালেক
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَسْتَأْذِنُ عَلَى أُمِّي؟ قَالَ: «نَعَمْ» ، فَقَالَ الرَّجُلُ: إِنِّي مَعَهَا فِي الْبَيْتِ، قَالَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا» ، فَقَالَ الرَّجُلُ: إِنِّي خَادِمُهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا أتُحِبُّ أَنْ تَرَاهَا عُرْيَانَةً؟» قَالَ: لا، قَالَ: «فَاسْتَأْذِنْ عَلَيْهَا» . (رواه مالك مرسلا)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, অনুমতি ছাড়াও হঠাৎ করে নিজের মায়ের ঘরে প্রবেশ করাতে এর আশংকা থাকে যে, তুমি এমন অবস্থায় ঘরে প্রবেশ করবে যে, তোমার মা হয়ত অসতর্ক অবস্থায় এলোমেলো কাপড়ে আছেন। তাই মায়ের কাছেও অনুমতি নিয়েই যেতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান