মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৪২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সাক্ষাত অথবা ঘরে কিংবা মজলিসে আসার জন্য অনুমতি নেওয়া প্রয়োজন
রাসূলুল্লাহ (ﷺ) এ দিকনির্দেশনাও দিয়েছেন যে, যখন কারো সাথে সাক্ষাতের জন্য অথবা তার ঘরে কিংবা তার মজলিসে কেউ যেতে চায়, তখন প্রথমে সালাম দিবে এবং অনুমতি প্রার্থনা করবে। এছাড়া কখনো হঠাৎ প্রবেশ করবে না। কেননা, জানা নেই সে এ সময় কোন অবস্থায় ও কোন কাজে ব্যস্ত রয়েছে। হতে পারে যে, এ সময় তার সাক্ষাত প্রার্থী হওয়া সঙ্গত নয়।
রাসূলুল্লাহ (ﷺ) এ দিকনির্দেশনাও দিয়েছেন যে, যখন কারো সাথে সাক্ষাতের জন্য অথবা তার ঘরে কিংবা তার মজলিসে কেউ যেতে চায়, তখন প্রথমে সালাম দিবে এবং অনুমতি প্রার্থনা করবে। এছাড়া কখনো হঠাৎ প্রবেশ করবে না। কেননা, জানা নেই সে এ সময় কোন অবস্থায় ও কোন কাজে ব্যস্ত রয়েছে। হতে পারে যে, এ সময় তার সাক্ষাত প্রার্থী হওয়া সঙ্গত নয়।
১৪২. কালদাহ ইবনে হাম্বল থেকে বর্ণিত, তার (বৈপিত্রেয় ভাই) সাফওয়ান ইবনে উমাইয়্যা তাকে কিছু দুধ, একটি হরিণ শাবক ও কিছু খিরা দিয়ে নবী করীম (ﷺ) এর খেদমতে পাঠাল। এটা তখনকার কথা, যখন নবী করীম (ﷺ) মক্কার প্রান্তরের উঁচু ভূমিতে ছিলেন। কালদাহ বলেন, আমি এগুলো নিয়ে নবী করীম (ﷺ) এর কাছে পৌঁছে গেলাম। কিন্তু আমি প্রথমে সালামও দেইনি, আর অনুমতিও প্রার্থনা করিনি। তখন তিনি বললেন, তুমি ফিরে যাও এবং (নিয়ম অনুযায়ী) বল: আসসালামু আলাইকুম। আমি কি ভিতরে আসতে পারি? -তিরমিযী, আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ كَلَدَةَ بْنَ حَنْبَلٍ، أَخْبَرَهُ أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ بَعَثَهُ بِلَبَنٍ وَجَدَايَةٍ وَضَغَابِيسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى الوَادِي، قَالَ: فَدَخَلْتُ عَلَيْهِ وَلَمْ أُسَلِّمْ وَلَمْ أَسْتَأْذِنْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ارْجِعْ فَقُلْ: السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ؟ (رواه الترمذى وابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এই সাফওয়ান ইবনে উমাইয়্যা ইসলাম ও রাসূলের প্রসিদ্ধ শত্রু উমাইয়্যা ইবনে খালাফের পুত্র ছিলেন। ইনি আল্লাহর তাওফীকে মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন। এ ঘটনাটি যা এ বর্ণনায় উল্লেখ করা হয়েছে, সম্ভবত মক্কা বিজয়ের সফরেরই ছিল। রাসূলুল্লাহ (ﷺ)-এর অবস্থান তখন মক্কার প্রান্তরের ঐ উঁচু ভূমিতে ছিল, যাকে معلی (মা'লা) বলা হয়। সাফওয়ান ইবনে উমাইয়্যা তার বৈপিত্রেয় ভাই কাল্দাহ ইবনে হাম্বলকে তিনটি জিনিস হাদিয়া হিসাবে দিয়ে হুযুর (ﷺ)-এর খেদমতে প্রেরণ করেছিলেন। এগুলোর মধ্যে ছিল কিছু দুধ, একটি হরিণ শাবক ও কিছু খিরা। কালদাহ একথা জানা ছিল না যে, যখন কারো সাথে সাক্ষাতের জন্য যেতে হয়, তখন প্রথমে সালাম দিয়ে ও অনুমতি প্রার্থনা করে যেতে হয়। এ জন্য সে অনুমতি ছাড়াই হুযুর (ﷺ)-এর কাছে পৌঁছে গেল। হুযুর (ﷺ) তাকে এই আদব ও রীতি শিক্ষা দেওয়ার জন্য বললেন: বাইরে ফিরে যাও আর এভাবে বল: আস্সালামু আলাইকুম। আমি কি ভিতরে আসতে পারি? তারপর যখন অনুমতি পাওয়া যাবে, তখন আসবে। সে তখন তাই করল। রাসূলুল্লাহ (ﷺ) সালাম ও অনুমতি প্রার্থনার পদ্ধতিটি কেবল মৌখিক বলে দেওয়ার পরিবর্তে কার্যত তার দ্বারা এর বাস্তব অনুশীলনও করালেন। আর একথা স্পষ্ট যে, যে শিক্ষা এভাবে দেওয়া হয়, এটা মানুষ কখনো ভুলতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)