মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১২২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সালামের ফযীলত ও গুরুত্ব
১২২. হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞাসা করল যে, ইসলামে (অর্থাৎ, ইসলামী আমলসমূহের মধ্যে) কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, (একটি) এই যে, তুমি আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়াবে, (দ্বিতীয়টি) এই যে, যার সাথে পরিচয় আছে তাকে এবং যার সাথে পরিচয় নেই তাকেও সালাম করবে। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَجُلاً سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ: تُطْعِمُ الطَّعَامَ وَتُقْرِئُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) ইসলামী আমলসমূহের মধ্যে মানুষকে খানা খাওয়ানো ও সালাম দেওয়াকে উত্তম আমল বলে উল্লেখ করেছেন। অন্য কোন কোন হাদীসে (যা ইতিপূর্বে অতিক্রান্তও হয়েছে।) অন্য কিছু পুণ্য আমলকে যেমন আল্লাহর যিকর, আল্লাহর পথে জিহাদ অথবা পিতামাতার খেদমত ও আনুগত্যকে উত্তম আমল ও সর্বোত্তম আমল বলা হয়েছে। কিন্তু আগেও যেমন বারবার বলা হয়েছে যে, এর মধ্যে কোন বিরোধ নেই। হুযুর (ﷺ)-এর উত্তরের এ পার্থক্য ও ভিন্নতা আসলে প্রশ্নকারীদের অবস্থা, প্রয়োজন, ক্ষেত্রের পার্থক্য ও ভিন্নতার কারণে হয়েছে। ইসলামী জীবন-বিধানে এসবগুলো আমলেরই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান