মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১১৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পশুদের সাথেও উত্তম আচরণের নির্দেশ
১১৮. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক পতিতা নারীকে এ কাজের বিনিময়ে ক্ষমা করে দেওয়া হয়েছে যে, সে একটি কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল- যা একটি কূপের কাছে পড়ে হাঁপাচ্ছিল এবং পিপাসায় তার মৃত্যুর উপক্রম হয়েছিল। ঐ মহিলাটি (বালতি-রশি না থাকার কারণে) পা থেকে চামড়ার মোজা খুলে এটা ওড়নার সাথে বেঁধে কোনক্রমে পানি তুলে আনল (এবং কুকুরকে পান করাল।) এ কারণেই তাকে ক্ষমা করে দেওয়া হল। রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞাসা করা হল, পশুদের সেবায়ও কি আমাদের জন্য পুণ্য রয়েছে? তিনি উত্তর দিলেন, প্রতিটি (জীবের) তাজা কলিজার অধিকারী প্রাণীর সেবায়ই পুণ্য রয়েছে। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: غُفِرَ لاِمْرَأَةٍ مُومِسَةٍ مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ، قَالَ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَنَزَعَتْ لَهُ مِنَ الْمَاءِ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ. قِيْلَ إِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا؟ قَالَ: فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

একথা স্পষ্ট যে, এ ভ্রষ্টা নারীর এ ঘটনা উল্লেখ করার দ্বারা রাসূলুল্লাহ (ﷺ)-এর উদ্দেশ্য কেবল ঘটনা শুনিয়ে দেওয়া নয়; বরং এ শিক্ষা দেওয়ার উদ্দেশ্য যে, কুকুরের মত একটি সৃষ্টির প্রতিও যদি দয়ার আচরণ করা হয়, তাহলে এটাও মহান আল্লাহর রহমত ও ক্ষমা লাভের কারণ হবে এবং বান্দা এর প্রতিদান ও সওয়াব পাবে।

প্রায় এ বিষয়বস্তুরই একটি হাদীস- যার মধ্যে ভ্রষ্টা নারীর স্থলে এক পথচারী পুরুষ মুসাফিরের ঘটনা বর্ণনা করা হয়েছে, বুখারী ও মুসলিমেরই বরাতে 'মা'আরিফুল হাদীসের' এ সিরিজেই ইতিপূর্বে 'কিতাবুল আখলাকে' দয়া ও অনুগ্রহ শিরোনামে উল্লেখ করে আসা হয়েছে। সেখানে এর ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এ প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে যে, কেবল একটি কুকুরকে পানি পান করিয়ে দেওয়া কিভাবে একজন গুনাহগার মানুষের ক্ষমার কারণ হতে পারে এবং এতে কি রহস্য রয়েছে।
এ হাদীসটির প্রাণবন্ত এবং এর বিশেষ মর্মবাণী এটাই যে, কুকুরের ন্যায় পশুদের সাথেও আমাদের আচরণ দয়া ও অনুগ্রহমূলক হওয়া চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান