মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১১২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সাধারণ মানুষ ও সৃষ্টজীবের সাথে আচরণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশাবলী
উপরের হাদীসগুলোতে মুসলমানদেরকে অন্যান্য মুসলমানের সাথে সম্পর্ক ও আচরণের ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নিম্নে ঐসব হাদীসও পাঠ করে নিন, যেগুলো রাসূলুল্লাহ (ﷺ) সাধারণ মানুষ ও অন্যান্য সৃষ্টির সাথে সম্পর্ক ও আচরণের ব্যাপারে নির্দেশাবলী দিয়েছেন।
উপরের হাদীসগুলোতে মুসলমানদেরকে অন্যান্য মুসলমানের সাথে সম্পর্ক ও আচরণের ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নিম্নে ঐসব হাদীসও পাঠ করে নিন, যেগুলো রাসূলুল্লাহ (ﷺ) সাধারণ মানুষ ও অন্যান্য সৃষ্টির সাথে সম্পর্ক ও আচরণের ব্যাপারে নির্দেশাবলী দিয়েছেন।
১১২. হযরত মু'আয ইবনে জাবাল রাযি. থেকে বর্ণিত, তিনি নবী করীম (ﷺ)কে ঈমানের সর্বশ্রেষ্ঠ স্তর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। (অর্থাৎ, ঈমান সুলভ আমল ও আখলাকের মধ্যে কোনগুলো সর্বোচ্চ স্তরে রয়েছে।) তিনি উত্তরে বললেন, তোমার কারো প্রতি ভালোবাসা ও শত্রুতা যেন কেবল আল্লাহর জন্যই হয়। আর তোমার জিহ্বাকে আল্লাহর যিকরে লাগিয়ে রাখবে। মু'আয বলেন, আমি নিবেদন করলাম, এটা ছাড়া আর কি, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, মানুষের জন্য তাই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ কর, আর তাদের জন্য তাই অপছন্দ করবে, যা নিজের জন্য অপছন্দ কর। -আহমাদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ مُعَاذٍ أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَفْضَلِ الْإِيمَانِ قَالَ: «أَنْ تُحِبَّ لِلَّهَ، وَتُبْغِضَ لِلَّهِ، وَتُعْمِلَ لِسَانَكَ فِي ذِكْرِ اللَّهِ» . قَالَ: وَمَاذَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَأَنْ تُحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ وَتَكْرَهَ لَهُمْ مَا تَكْرَهُ لِنَفْسِكَ» (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর হেদায়াত ও শিক্ষায় সাধারণ মানুষের এ পর্যন্ত কল্যাণকামিতা, মঙ্গল চিন্তা এবং তাদের প্রতি এতটুকু আন্তরিকতা প্রদর্শন যে, নিজের জন্য যা চাইবে, অন্যের জন্যও তাই চাইবে, আর নিজের জন্য যা কামনা করবে না, তার জন্যও তা কামনা করবে না- এটা উঁচু স্তরের ঈমানী আমল ও আখলাকের অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)