মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১১১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
এক মুসলমান অপর মুসলমানের আয়না
১১১. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক মু'মিন অন্য মু'মিনের আয়না। এক মু'মিন অপর মু'মিনের ভাই, সে তার অনিষ্টকে প্রতিহত করে এবং তার পেছন থেকে তাকে রক্ষণাবেক্ষণ করে। -আবূ দাউদ, তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ وَالْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ يَكُفُّ عَلَيْهِ ضَيْعَتَهُ وَيَحُوطُهُ مِنْ وَرَائِهِ. (رواه ابوداؤد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
আয়নার কাজ এই যে, এটা দর্শককে তার চেহারার প্রতিটি দাগ ও কলঙ্ক এবং প্রত্যেকটি দৃষ্টিকটু চিহ্ন দেখিয়ে দেয় এবং কেবল তাকেই দেখায়, অন্যদেরকে নয়। এক মু'মিন অন্য মু'মিনের আয়না হওয়ার মর্মও এটাই যে, সে অন্য ভাইয়ের মধ্যে যে অসমীচীন ও সংশোধনযোগ্য বিষয় দেখবে, সে আন্তরিকতা ও কল্যাণকামিতার সাথে তাকে এটা অবহিত করে দিবে এবং অন্যদের মাঝে এটা প্রচার করবে না।
সামনে বলা হয়েছে যে, প্রতিটি মুসলমান অন্য মুসলমানের ভাই। এ ভ্রাতৃত্ব সম্পর্কের কারণে তার উপর এ দায়িত্ব বর্তায় যে, যদি তার উপর কোন বিপদ ও বিপর্যয় আসতে দেখে, তাহলে সে নিজ শক্তি অনুযায়ী এটাকে প্রতিহত করবে এবং এর আক্রমণ থেকে বাঁচাবার চেষ্টা করবে। আর যেভাবে নিজের কোন প্রিয় জিনিসের চতুর্দিক থেকে রক্ষণাবেক্ষণ ও হেফাযত করা হয়, ঠিক তেমনিভাবে নিজের ঈমানী ও দ্বীনি ভাইয়ের প্রতি লক্ষ্য রাখবে এবং তার পাহারাদারী করবে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)