মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১০৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মুসলমানদের ইজ্জত ও সম্ভ্রমের হেফাযত ও সংরক্ষণ
১০৮. হযরত আবুদ দারদা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি: যে কোন মুসলমান তার মুসলমান ভাইয়ের মর্যাদার উপর আপতিত আক্রমণ প্রতিহত করে, আল্লাহ্ তা'আলা এ দায়িত্ব গ্রহণ করেন যে, কিয়ামতের দিন তার থেকে জাহান্নামের আগুন প্রতিহত করবেন। তারপর তিনি দলীল হিসাবে এ আয়াতটি তেলাওয়াত করলেন: وَکَانَ حَقًّا عَلَیۡنَا نَصۡرُ الۡمُؤۡمِنِیۡنَ অর্থাৎ, আমার দায়িত্ব হচ্ছে মু'মিনদের সাহায্য করা। -শারহুস্সুন্নাহ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " مَا مِنْ مُسْلِمٍ يَرُدُّ عَنْ عِرْضِ أَخِيهِ إِلا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَرُدَّ عَنْهُ نَارَ جَهَنَّمَ يَوْمَ الْقِيَامَةِ، ثُمَّ تَلا هَذِهِ الآيَةَ: {وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ} (رواه البغوى فى شرح السنة)
হাদীসের ব্যাখ্যা:
হযরত জাবের, হযরত মু'আয ইবনে আনাস, হযরত আবুদ দারদা, হযরত আসমা বিনতে ইয়াযীদ ও হযরত আনাস রাযি.-এর এ পাঁচটি হাদীস থেকেই অনুমান করা যায় যে, একজন মুসলমান বান্দার ইজ্জত ও সম্ভ্রম আল্লাহ্ তা'আলার কাছে কত সম্মানিত এবং অন্য মুসলমানদের জন্য তার হেফাযত ও সাহায্য করা কোন পর্যায়ের দায়িত্ব ও এতে ত্রুটি করা কেমন মারাত্মক অপরাধ। আফসোস! রাসূলুল্লাহ (ﷺ)-এর উপদেশাবলীর এ গুরুত্বপূর্ণ অধ্যায়টি যেন উম্মত সম্পূর্ণ ভুলে গিয়েছে। নিঃসন্দেহে এটা আমাদের ঐ সমষ্টিগত গুনাহর অন্তর্ভুক্ত, যেগুলোর পরিণামে আমরা বহু শতাব্দীকাল ধরে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত, আমরা কেবল আঘাত খেয়ে যাচ্ছি আর অপমানিত হচ্ছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)