মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১০৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ইসলামী ভ্রাতৃত্বের পারস্পরিক সম্পর্ক ও আচরণের ব্যাপারে নির্দেশাবলী
১০৩. হযরত হুযায়ফা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি মুসলমানদের সমস্যা-সংকটে কোন চিন্তা ও উদ্বেগ রাখে না, সে তাদের মধ্যে নয়। আর যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় আল্লাহ, তাঁর রাসূলের, তাঁর কিতাবের, তাঁর ইমামের (অর্থাৎ, খলীফার) ও সাধারণ মুসলমানদের কল্যাণকামী হয়ে না থাকে, সে তাদের অন্তর্ভুক্ত নয়। -তাবরানী
کتاب المعاشرت والمعاملات
عَنْ حُذَيْفَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: «مَنْ لَا يَهْتَمُّ بِأَمْرِ الْمُسْلِمِينَ فَلَيْسَ مِنْهُمْ , وَمَنْ لَا يُصْبِحُ وَيُمْسِي نَاصِحًا لِلَّهِ وَلِرَسُولِهِ وَلِكِتَابِهِ وَلِإِمَامِهِ وَلِعَامَّةِ الْمُسْلِمِينَ فَلَيْسَ مِنْهُمْ» (رواه الطبرانى فى الاوسط)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, আল্লাহর নিকট কোন বান্দার মুসলমান হওয়া ও গ্রহণযোগ্য ইসলামের অধিকারী হওয়ার জন্য এটাও শর্ত যে, সে সাধারণ মুসলমানদের বিষয়াদি ও তাদের সমস্যা-সংকট থেকে নিশ্চিন্ত ও উদাসীন থাকবে না; বরং তাদের চিন্তা রাখতে হবে। তেমনিভাবে এটাও শর্ত যে, সে আল্লাহ, রাসূল, আল্লাহর কিতাব, ইসলামী রাষ্ট্র ও মুসলিম জনসধারণের এমন বিশ্বস্ত ও কল্যাণকামী হবে যে, তার এ বিশ্বস্ততা ও কল্যাণকামিতা তার জীবনের অংশ হয়ে যাবে এবং তার শিরা-উপশিরায় এভাবে ঢুকে যাবে যে, সে কোন সময়ও এ থেকে মুক্ত থাকবে না। আল্লাহর ওয়াস্তে আমরা যেন একটু চিন্তা করে দেখি যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর এমন গুরুত্বপূর্ণ নির্দেশকে কিভাবে অবহেলা করছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান