মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৮৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
দাস-দাসী ও অধীনস্থদের ব্যাপারে নির্দেশাবলী

রাসূলুল্লাহ (ﷺ) যখন দুনিয়াতে তশরীফ আনেন, তখন আরবে; বরং প্রায় সারা পৃথিবীতে দাসদাসীদের একটি শ্রেণী বর্তমান ছিল। বিজেতা জাতি বিজিত জাতির লোকদেরকে দাস বানিয়ে নিত, এরা তাদের মালিকানাধীন হয়ে যেত। তাদের থেকে পশুদের মত পরিশ্রম ও কষ্টের কাজ নেওয়া হত; কিন্তু তাদের কোন অধিকার আছে বলে মনে করা হত না।

রাসূলুল্লাহ (ﷺ) এক দিকে তো দাস মুক্তিকে অনেক গুনাহর কাফফারা এবং বিরাট সওয়াবের কাজ বলে আখ্যায়িত করেছেন এবং বিভিন্নভাবে এর প্রতি উৎসাহ দিয়েছেন। অন্যদিকে এ নির্দেশ দিয়েছেন যে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের উপর পরিশ্রম ও কষ্টের অতিরিক্ত বোঝা চাপানো যাবে না, তাদের খাদ্য-বস্ত্র ইত্যাদি মৌলিক প্রয়োজনের যথাযথ ব্যবস্থা করতে হবে; বরং তিনি এও নির্দেশ দিয়েছেন যে, বাড়ীতে যে খাবার খাওয়া হবে এটাই তাদেরকে খাওয়াতে হবে, নিজে যেমন পোশাক পরবে, তাদেরকেও এমন পোশাক পরিধান করাবে। তাদের ব্যাপারে আল্লাহর জিজ্ঞাসা ও শাস্তির ভয় রাখবে।
ইতিহাস সাক্ষী যে, এসব শিক্ষা ও নির্দেশনায় দাস-দাসীদের দুনিয়াই পাল্টে গেল, তারপর তো তাদের মধ্য থেকে হাজার হাজার গোলাম উম্মতের ইমাম ও নেতা পর্যন্ত হয়েছেন, অগণিত দাস রাষ্ট্রীয় বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন। এমনকি তাদের রাজত্বও প্রতিষ্ঠিত হয়েছে। এসব কিছুই ঐ শিক্ষা ও দিকনির্দেশনার ফল ছিল, যা মানবজাতির এই নিপীড়িত ও দুর্বল শ্রেণীর ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় উম্মতকে দিয়েছিলেন। এরপর সারা পৃথিবী এর দ্বারা প্রভাবিত হয়। এবার এ ধারার কয়েকটি হাদীস নিম্নে পাঠ করে নিন।

দাস-দাসীদের মৌলিক অধিকারসমূহ
৮৪. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: খাদ্য ও বস্ত্র হচ্ছে গোলামের অধিকার। আর তার এ হকও রয়েছে যে, তাকে সাধ্যের বাইরে কোন কঠিন কাজের হুকুম দেওয়া যাবে না। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ، وَلَا يُكَلَّفُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا يُطِيقُ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে কেবল একথা বলা হয়েছে যে, খাদ্য ও বস্ত্র হচ্ছে গোলামের হক ও দাবী। মনিবের দায়িত্ব হচ্ছে এ দাবী পূরণ করা এবং তার অন্ন ও বস্ত্রের ব্যবস্থা করা।

সামনের হাদীস থেকে জানা যাবে যে, তাকে ঐ খাবারই দেওয়া হবে, যা বাড়ীতে খাওয়া হয় এবং ঐ পোশাকই দেওয়া হবে, যা মনিব নিজে পরিধান করে। এ কথাও বলা হয়েছে যে, তার উপর অতিরিক্ত কাজের বোঝা চাপানো যাবে না, এতটুকু কাজই নিতে হবে, যতটুকু সে করতে পারে। এগুলো গোলামদের মৌলিক অধিকার। গোলামদের সাথে ভ্রাতৃসুলভ আচরণ করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান