মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৮৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
অভাবী, রোগী ও বিপদগ্রস্তদের সেবা ও সাহায্য
৮৩. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান! আমি অসুস্থ ছিলাম, কিন্তু তুমি আমার খোঁজ-খবর নাওনি। বান্দা বলবে, হে আমার রব! আমি কিভাবে তোমাকে রোগশয্যায় দেখতে যেতে পারতাম, তুমি তো রাব্বুল আলামীন। (রোগের সাথে তোমার কি সম্পর্ক আর এর সম্ভাবনাই কোথায়?) আল্লাহ্ তা'আলা তখন বলবেন, তোমার কি জানা ছিল না যে, আমার অমুক বান্দা রুগ্ন অবস্থায় ছিল অথচ তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জানতে না যে, তুমি যদি তার খোঁজ-খবর নিতে, তাহলে আমাকে সেখানেই পেয়ে যেতে? হে আদম সন্তান! আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, অথচ তুমি আমাকে আহার দাওনি। বান্দা বলবে, হে আমার রব! আমি তোমাকে কিভাবে খাবার দিব, তুমি তো রাব্বুল আলামীন। (খাবারের সাথে তোমার কি সম্পর্ক থাকতে পারে?) আল্লাহ্ তা'আলা তখন বলবেন, তোমার কি জানা নেই যে, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়ে ছিল, অথচ তুমি তাকে খাবার দাওনি। তুমি কি জান না যে, তাকে যদি তুমি খাবার দিতে, তাহলে তা আমার কাছে পেয়ে যেতে। হে আদম সন্তান! আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, হে আমার রব! আমি কিভাবে তোমাকে পানি পান করাব, তুমি তো রাব্বুল আলামীন। (তোমার পানি পান করার সাথে কি সম্পর্ক?) আল্লাহ্ তা'আলা বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, অথচ তুমি তাকে পানি পান করাও নি। শুনে নাও, তুমি যদি তাকে পানি পান করাতে, তাহলে তা আমার কাছে পেয়ে যেতে।-মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي " (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে যে হৃদয়স্পর্শী ও অসাধারণ ভঙ্গিতে অসহায় রোগীদের সেবা-শুশ্রূষা এবং অভুক্ত ও পিপাসার্ত মানুষের পানাহারের ব্যবস্থা করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, এতে চিন্তা করলে বুঝা যায় যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর শিক্ষা ও আদর্শে এসব সামাজিক কাজ ও অভাবী বান্দাদের সেবা ও সাহায্যের কি পরিমাণ গুরুত্ব রয়েছে এবং এগুলোর মর্যাদা কতটুকু উঁচু। বলা হয়েছে, যে ব্যক্তি কোন অভাবী ও রোগীর সেবা-শুশ্রূষা করবে, সে আল্লাহকে তার কাছে পাবে এবং সে আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ্ তা'আলা তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)