মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৮২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
অভাবী, রোগী ও বিপদগ্রস্তদের সেবা ও সাহায্য
৮২. হযরত আবূ মূসা আশআরী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ক্ষুধার্তকে আহার করাও, রোগীকে দেখতে যাও (এবং তার খোঁজ-খবর রাখ) আর বন্দীদেরকে মুক্ত করার চেষ্টা কর। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعِمُوا الجَائِعَ، وَعُودُوا المَرِيضَ، وَفُكُّوا العَانِيَ» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে ক্ষুধার্তকে আহার দেওয়া ছাড়া রোগীদের সেবা-শুশ্রুষা ও বন্দীদেরকে মুক্ত করার কথাও বলা হয়েছে। عيادت সম্পর্কে একথাটি লক্ষণীয় যে, উর্দু পরিভাষায় عيادت এর অর্থ কেবল রোগীর অবস্থা জিজ্ঞাসা করা হয়ে থাকে। কিন্তু আরবী ভাষায় এর অর্থ আরো ব্যাপক। অর্থাৎ, এর মধ্যে রোগীর অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেওয়া ছাড়া তার সেবা শুশ্রূষাও অন্তর্ভুক্ত থাকে। তাই এ হাদীসে রোগীদের عيادت এর যে হুকুম দেওয়া হয়েছে, এর অর্থ কেবল রোগীর অবস্থার খোঁজ-খবর নেওয়াই নয়; বরং সেবা-শুশ্রূষা ও সাধ্য অনুযায়ী চিকিৎসার ব্যবস্থাও এর অন্তর্ভুক্ত। অনুরূপভাবে বন্দীদেরকে মুক্ত করার যে নির্দেশ এ হাদীসে দেওয়া হয়েছে, এ ব্যাপারেও এ কথা স্পষ্ট যে, এর দ্বারা ঐসব দুর্দশাগ্রস্ত বন্দী উদ্দেশ্য, যাদেরকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে অথবা কমপক্ষে তাদের মুক্ত হয়ে যাওয়াতে কল্যাণের আশা রয়েছে। নিঃসন্দেহে এ ধরনের বন্দীদেরকে মুক্ত করে আনা বিরাট সওয়াবের কাজ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান