মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৭৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
দুর্বল ও অভাবী শ্রেণীর অধিকার: মিসকীন, ইয়াতীম ও বিধবাদের দায়িত্বপালন ও অভিভাবকত্ব গ্রহণ
৭৮. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করীম (ﷺ) এর নিকট নিজের পাষাণ হৃদয় হওয়ার অভিযোগ করল। তিনি বললেন, ইয়াতীমের মাথায় হাত বুলাও আর মিসকীনকে খাবার দাও। -মুসনাদে আহমাদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا شَكَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْوَةَ قَلْبِهِ، فَقَالَ: «امْسَحْ رَأْسَ الْيَتِيمِ، وَأَطْعِمِ الْمِسْكِينَ» (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
ইয়াতীমদের মাথায় স্নেহের হাত বুলানো এবং অভাবীদেরকে খানা খাওয়ানো মূলত এমন কাজ, যা হৃদয়ের সহানুভূতি ও দয়ার আবেগ থেকে প্রকাশ পায়। কিন্তু যদি কারো অন্তর সহানুভূতি ও দয়ার আবেগ থেকে শূন্য হয় এবং এর স্থলে নির্দয়তা থাকে, তাহলে এর চিকিৎসা হচ্ছে এই যে, সে দৃঢ় সংকল্প ও ইচ্ছাশক্তি দ্বারা এ কাজগুলো করবে। ইন্শাআল্লাহ্ তার অন্তরের নির্দয়তা সহানুভূতি দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। রাসূলুল্লাহ (ﷺ) এ হাদীসে এই চিকিৎসা পদ্ধতির দিকেই পথনির্দেশ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)