মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৭৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
দুর্বল ও অভাবী শ্রেণীর অধিকার: মিসকীন, ইয়াতীম ও বিধবাদের দায়িত্বপালন ও অভিভাবকত্ব গ্রহণ
৭৬. হযরত আবূ উমামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন ইয়াতীমের মাথায় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হাত বুলায়, তখন তার হাতের নীচে যতগুলো চুল পড়ে, এর প্রত্যেকটির হিসাবে তার জন্য নেকী রয়েছে। আর যে ব্যক্তি তার আশ্রয়াধীন কোন ইয়াতীম বালিকা অথবা ইয়াতীম বালকের সাথে উত্তম আচরণ করে, আমি ও ঐ ব্যক্তি জান্নাতে এভাবে কাছাকাছি থাকব। এই বলে তিনি তার হাতের আঙ্গুল দু'টি একত্র করলেন। -আহমাদ, তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَسَحَ رَأْسَ يَتِيمٍ لَمْ يَمْسَحْهُ إِلَّا لِلَّهِ كَانَ لَهُ بِكُلِّ شَعْرَةٍ يَمُرُّ عَلَيْهَا يَدُهُ حَسَنَاتٌ، وَمَنْ أَحْسَنَ إِلَى يَتِيمَةٍ أَوْ يَتِيمٍ عِنْدَهُ كُنْتُ أَنَا وَهُوَ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ وَقَرَنَ بَيْنَ إِصْبُعَيْهِ» (رواه احمد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে সুস্পষ্টভাবে জানা গেল যে, ইয়াতীমদের সাথে সদাচরণের উপর প্রাণ উৎফুল্লকারী যে সুসংবাদ এ হাদীসে দেওয়া হয়েছে, সেটা এ শর্তের সাথে যুক্ত যে, এ সদাচরণ কেবল আল্লাহর জন্য হতে হবে। এ বিষয়টিকেও মৌলনীতি হিসাবে এ জাতীয় সকল উৎসাহব্যঞ্জক ও সুসংবাদবাহী হাদীসে লক্ষ্য রাখতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)