মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৭৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
দুর্বল ও অভাবী শ্রেণীর অধিকার: মিসকীন, ইয়াতীম ও বিধবাদের দায়িত্বপালন ও অভিভাবকত্ব গ্রহণ
৭৪. হযরত সাহল ইবনে সা'দ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি ও ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতে এরূপ নিকটে থাকব। এই বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুল দু’টি দ্বারা ইশারা করলেন এবং এ দু’টির মাঝে সামান্য ফাঁক রাখলেন। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَا وَكَافِلُ اليَتِيمِ لَهُ اَوْ لِغَيْرِهِ فِي الجَنَّةِ هَكَذَا وَأَشَارَ السَّبَّابَةَ وَالوُسْطَى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا. (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ) নিজের শাহাদত অঙ্গুলী ও এর সাথের মধ্যমা অঙ্গুলী উঠিয়ে এবং এগুলোর মধ্যে সামান্য ফাঁক রেখে বললেন যে, যতটুকু ফাঁক ও সামান্য দূরত্ব আমার এ দুই আঙ্গুলের মাঝে দেখছ, কেবল এতটুকু দূরত্বই জান্নাতে আমার ও ঐ মু'মিনের মধ্যে থাকবে, যে আল্লাহর জন্য দুনিয়াতে কোন ইয়াতীমের লালন-পালনের বোঝা বহন করে, চাই সে ইয়াতীম নিজের আপন হোক, (যেমন নিজের নাতি ও ভাতিজা) অথবা অপরের হোক, অর্থাৎ, যার সাথে আত্মীয়তার কোন বিশেষ সম্পর্ক নেই।

আল্লাহ তা'আলা আমাদেরকে এসব বাস্তব বিষয়সমূহের ইয়াকীন নসীব করুন এবং ঐ সৌভাগ্য দান করুন, যার প্রতি রাসূলুল্লাহ (ﷺ) এসব হাদীসে অনুপ্রেরণা দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান