মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৭১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
প্রতিবেশী তিন প্রকার, অমুসলিম প্রতিবেশীরও হক রয়েছে
৭১. হযরত জাবের রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রতিবেশী তিন প্রকার। ১. ঐ প্রতিবেশী, যার কেবল একটি হক থাকে, আর সে-ই হচ্ছে নিম্নস্তরের প্রতিবেশী। ২. ঐ প্রতিবেশী, যার দু'টি হক থাকে। ৩. ঐ প্রতিবেশী, যার তিনটি হক থাকে। যার এক হক সে হচ্ছে অনাত্মীয় মুশরিক। (অমুসলিম) প্রতিবেশী, তার কেবল প্রতিবেশী হওয়ার সুবাদে একটি হক থাকে। দুই হকের অধিকারী হচ্ছে মুসলমান প্রতিবেশী, তার একটি হক মুসলমান হিসাবে, অপরটি প্রতিবেশী হিসাবে। আর তিন হকের অধিকারী হচ্ছে আত্মীয় ও মুসলমান প্রতিবেশী। তার মুসলমান হিসাবে একটি হক, প্রতিবেশী হিসাবে একটি হক এবং আত্মীয় হিসাবে আরেকটি হক রয়েছে। -বাযযার, আবু নু'আইম
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْجِيرَانُ ثَلَاثَةٌ: فَجَارٌ لَهُ حَقٌّ وَاحِدٌ، وَهُوَ اَدْنَى الْجِيْرَانِ حَقًّا وَجَارٌ لَهُ حَقَّانِ، وَجَارٌ لَهُ ثَلَاثَةُ حُقُوقٍ، فَأَمَّا الَّذِي لَهُ حَقٌّ وَاحِدٌ فَجَارٌ مُشْرِكٌ لا رَحِمَ لَهُ، لَهُ حَقُّ الْجِوَارِ، وَأَمَّا الَّذِي لَهُ حَقَّانِ: فَجَارٌ مُسْلِمٌ، لَهُ حَقُّ الإِسْلامِ وَحَقُّ الْجِوَارِ، وَأَمَّا الَّذِي لَهُ ثَلاثَةُ حُقُوقٍ: فَجَارٌ مُسْلِمٌ ذُو رَحِمٍ، لَهُ حَقُّ الإِسْلامِ، وَحَقُّ الْجِوَارِ، وَحَقُّ الرَّحِمِ ". (رواه البزار فى المسند وابى نعيم فى الحلية)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কুরআন ও হাদীসে প্রতিবেশীদের যেসব হক বর্ণনা করা হয়েছে এবং তাদের প্রতি সম্মান ও সদাচরণের যে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, এর মধ্যে অমুসলিম প্রতিবেশীও অন্তর্ভুক্ত রয়েছে এবং তাদেরও ঐসব হক ও অধিকার রয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ (ﷺ)-এর শিক্ষা থেকে এটাই বুঝেছেন।

তিরমিযী শরীফ ইত্যাদি হাদীসগ্রন্থসমূহে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. সম্পর্কে বর্ণিত হয়েছে যে, একদিন তাঁর বাড়ীতে বকরী যবেহ করা হয়। তিনি যখন বাইরে থেকে বাড়ীতে তশরীফ আনলেন, তখন বাড়ীর লোকদেরকে বললেন-

أهديتم لجارنا اليهودي أهديتم لجارنا اليهودي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه

অর্থাৎ, তোমরা কি আমাদের ইয়াহুদী প্রতিবেশীর জন্য গোশতের হাদিয়া প্রেরণ করেছ?
তোমরা কি আমাদের ইয়াহুদী প্রতিবেশীর জন্য হাদিয়া প্রেরণ করেছ? আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, জিবরাঈল (আঃ) আমাকে প্রতিবেশীর ব্যাপারে ক্রমাগত উপদেশ দিতে থাকেন, এমনকি আমি ধারণা করেছিলাম যে, তাকে উত্তরাধিকারীও বানিয়ে দিবেন।

আফসোস! নবুওয়াতের যুগ থেকে যতই দূরত্ব বাড়ছে, উম্মতও হুযুর (ﷺ)-এর শিক্ষা ও দিকনির্দেশনা থেকে ততই সরে যাচ্ছে। রাসূলুল্লাহ (ﷺ) প্রতিবেশীদের ব্যাপারে যে ওসিয়্যত ও তাকীদ করে গিয়েছেন, সাহাবায়ে কেরামের পরও যদি উম্মত এর উপর আমল করে যেত, তাহলে নিঃসন্দেহে আজ দুনিয়ার চিত্র ভিন্নরূপ হত। আল্লাহ্ তা'আলা আমাদের মুসলমানদেরকে তাওফীক দান করুন, যেন আমরা তাঁর শিক্ষা ও হেদায়াতের মূল্য ও মর্যাদা উপলব্ধি করতে পারি এবং এটাকে নিজেদের জীবনের কর্মনীতি বানিয়ে নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান