মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৬৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ঐ ব্যক্তি মু'মিন ও জান্নাতী নয়, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ ও ভয়মুক্ত নয়
৬৬. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একদিন বললেন, আল্লাহর কসম! ঐ ব্যক্তি মু'মিন নয়, আল্লাহর কসম! তার মধ্যে ঈমান নেই, আল্লাহর কষম! সে ঈমানদার নয়। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! কোন ব্যক্তি। (অর্থাৎ, কোন হতভাগার ব্যাপারে আপনি কসম খেয়ে বলছেন যে, সে মু'মিন নয়?) তিনি উত্তর দিলেন, ঐ ব্যক্তি, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। -বুখারী, মুসলিম
এ হাদীসটি প্রায় একই শব্দমালায় তালক ইবনে আলী থেকে তাবরানী তার মু'জামে কবীরে এবং হযরত আনাস থেকে হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন।
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ لَا يُؤْمِنُ، وَاللَّهِ لَا يُؤْمِنُ، وَاللَّهِ لَا يُؤْمِنُ» ، قِيْلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِىْ الْجَارُ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ» (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির শব্দমালায় গভীর চিন্তা করে প্রতিটি ব্যক্তি অনুমান করতে পারে যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর এ বাণীটি কত তেজোদীপ্ত, আর তিনি যখন কথাটি বলেছিলেন, তখন তাঁর অবস্থা ও বর্ণনাভঙ্গী কি ছিল।
যাহোক, এই তেজোদীপ্ত বক্তব্যের দাবী ও মর্মকথা এই যে, ঈমানদারদের জন্য জরুরী যে, প্রতিবেশীদের সাথে তাদের ব্যবহার ও আচরণ ভদ্রজনোচিত থাকতে হবে, যাতে তারা তাদের পক্ষ থেকে সম্পূর্ণ নিরাপদ ও নির্ভয় থাকে। তাদের মন-মস্তিষ্কেও যেন তাদের ব্যাপারে কোন ভয় ও আশংকা না থাকে। যদি কোন মুসলমানের অবস্থা এই না হয় এবং তার প্রতিবেশী তার থেকে নিশ্চিন্ত ও নিরাপদ না হয়, তাহলে রাসূলুল্লাহ (ﷺ)-এর বক্তব্য হচ্ছে যে, তার ঈমানের দৌলত নসীব হয়নি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান