মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৬৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ আল্লাহ ও রাসূলের ভালোবাসার শর্ত ও এর মাপকাঠি
৬৪. হযরত আব্দুর রহমান ইবনে আবী কুরাদ রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) একদিন ওযু করলেন। এ সময় তাঁর সাহাবীগণ ওযুর ব্যবহৃত পানি নিয়ে নিজেদের গায়ে মাখতে লাগলেন। নবী করীম (ﷺ) তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে এ কাজ করতে কিসে উদ্বুদ্ধ করল? তারা উত্তর দিলেন, আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসা। তিনি তখন বললেন, যার কাছে এটা ভালো লাগে যে, সে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসবে অথবা আল্লাহ ও তাঁর রাসূল তাকে ভালোবাসবেন, তাহলে সে যেন এ তিনটি বিষয়ের প্রতি যত্নবান থাকে। (১) কথা বললে সত্য বলবে, (২) আমানত রাখা হলে তা আদায় করে দিবে, (৩) প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করবে। বায়হাকী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي قُرَادٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ يَوْمًا فَجَعَلَ أَصْحَابُهُ يَتَمَسَّحُونَ بِوَضُوئِهِ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا يَحْمِلُكُمْ عَلَى هَذَا؟ " قَالُوا: حُبُّ اللهِ وَرَسُولِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ سَرَّهُ أَنْ يُحِبَّ اللهَ وَرَسُولَهُ، أَوْ يُحِبَّهُ اللهُ وَرَسُولُهُ فَلْيَصْدُقْ حَدِيثَهُ إِذَا حَدَّثَ، وَلْيُؤَدِّ أَمَانَتَهُ إِذَا ائْتُمِنَ، وَلْيُحْسِنْ جِوَارَ مَنْ جَاوَرَهُ " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

নবী করীম ﷺ-এর সাহাবিগণ রাসূলের প্রতি তাঁদের ভালবাসার আধিক্যের কারণে তাঁর উযূর ব্যবহৃত পানি নিজেদের শরীরে মাসেহ করেছিলেন। নবী করীম ﷺ তাদের এহেন আমলের কারণ জানতে চাইলেন এবং তাদের জবাব শোনার পর তিনি আল্লাহ ও তাঁর রাসূলকে সঠিকভাবে ভালবাসার তরীকা বলে দিলেন। যে সত্য কথা বলে, আমানতকারীকে আমানত ফিরিয়ে দেয় এবং প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করে, সে প্রকৃতপক্ষে আল্লাহ ও তাঁর রাসূলের প্রেমিক এবং এ ধরনের ব্যক্তিকে আল্লাহ ও তাঁর রাসূল ভালবাসেন। যদি কোন ব্যক্তি শুধু এ তিনটি জিনিসের উপর আমল করে এবং ইসলামের অন্যান্য হুকুম-আহকাম পালন না করে, তাহলে সে আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসার দাবি করতে পারে না। আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসার দাবি হল জীবনের তামাম ক্ষেত্রে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর আনুগত্য করা। যে বিশ্বাসী বান্দা নেক কাজ করে, মন্দ কাজ পরিহার করে এবং হাদীসে বর্ণিত তিনটি জিনিসের উপর আমল করে, সে প্রকৃতপক্ষে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসে। আল্লাহ আমাদেরকে ইশকে রাসূল এবং ইশকে ইলাহীর তাওফিক দিন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ৬৪ | মুসলিম বাংলা