মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৫৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
স্ত্রীদের সাথে উত্তম আচরণের নির্দেশ
৫৫. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণের ব্যাপারে আমার ওসিয়্যত গ্রহণ কর। (অর্থাৎ, আমি তোমাদেরকে ওসিয়্যত করছি যে, আল্লাহর এই বান্দীদের সাথে তোমরা উত্তম ও নম্র আচরণ কর।) কেননা, তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, (যা সৃষ্টিগতভাবে বাঁকা থাকে।) আর বেশী বক্রতা পাঁজরের উপরের অংশে থাকে। তাই তুমি যদি এটাকে (জোরপূর্বক) সোজা করতে যাও, তাহলে এটা ভেঙ্গে যাবে। আর যদি এটাকে এভাবেই ছেড়ে দাও, তাহলে এটা চিরকাল বাঁকাই থেকে যাবে। অতএব, স্ত্রীদের সাথে সদাচরণের ব্যাপারে তোমরা আমার ওসিয়্যত পালন করে যাও। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا، فَإِنَّهُنَّ خَيْرًا، فَإِنَّهُنَّ خُلِقْنَ مِنْ ضِلَعٍ، وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلَاهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ، فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ» (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে স্ত্রী লোকদের ব্যাপারে যে বলা হয়েছে انهن خلقن من ضلع অর্থাৎ, তাদের সৃষ্টিই হয়েছে পাঁজর থেকে- এটা বাস্তব ঘটনার বর্ণনাও হতে পারে, আর এটাকে পরিভাষাগত উপমাও বলা যেতে পারে। যাহোক, উভয় অবস্থায় উদ্দেশ্য এই যে, নারীদের প্রকৃতি ও স্বভাবে কিছু না কিছু বক্রতা থাকে। যেমন, মানুষের পার্শ্বের পাঁজরে প্রকৃতিগতভাবে বক্রতা থাকে। সামনে বলা হয়েছে যে, অধিক বক্রতা এর উপরের অংশে হয়ে থাকে। এতে সম্ভবত এ দিক ইঙ্গিত যে, স্ত্রী লোকের মধ্যে বক্রতার অধিক প্রকাশ ঘটে উপরের অংশে, যার মধ্যে রয়েছে চিন্তা করার মগজ ও কথা বলার জিহ্ববা। এরপর বলা হয়েছে যে, তুমি যদি শক্তি প্রয়োগ করে এই বাঁকা পাঁজরকে একেবারে সোজা করার চেষ্টা কর, তাহলে এটা ভেঙ্গে যাবে। আর যদি এমনিভাবে ছেড়ে দাও, তাহলে চিরদিন বাঁকাই থেকে যাবে। উদ্দেশ্য এই যে, কেউ যদি শক্তি ও কঠোরতা দ্বারা নারীর স্বভাবজাত বক্রতা দূর করার চেষ্টা করে, তাহলে সে সফলকাম হবে না; বরং হতে পারে যে, বিচ্ছেদের পালা এসে যাবে। আর যদি সংশোধনের মোটেও চেষ্টা না করে, তাহলে সেই বক্রতা সর্বদা থেকে যাবে এবং কখনো মানসিক প্রশান্তি ও জীবনের ঐ স্বাদ লাভ করতে পারবে না, যা দাম্পত্য সম্পর্কের বিশেষ উদ্দেশ্য। এজন্য পুরুষদের উচিত, তারা যেন স্ত্রীদের সাধারণ ভুল-ত্রুটি ও দুর্বলতাকে উপেক্ষার দৃষ্টিতে দেখে, তাদের সাথে উত্তম আচরণ ও হৃদ্যতাপূর্ণ ব্যবহার করে চলে। এ পদ্ধতিতে তাদের সংশোধনও হবে। এটা আমার বিশেষ ওসিয়্যত ও উপদেশ। তোমরা এ অনুযায়ী কাজ করে যাও। استوصوا بالنساء خيرا দ্বারা হুযুর (ﷺ) কথা শুরু করেছিলেন এবং বক্তব্যের শেষেও আবার বললেন: فَاستوصوا بالنساء এর দ্বারা অনুমান করা যায় যে, নারীদের সাথে উত্তম আচরণ ও হৃদ্যতাপূর্ণ ব্যবহার রাসূলুল্লাহ (ﷺ)-এর দৃষ্টিতে কত গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান