মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
অন্যান্য আত্মীয়-স্বজনের অধিকার ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব
৪৬. হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি যে, মহান আল্লাহ বলেন: আমি আল্লাহ্, আমি রহমান। আমি আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেছি এবং নিজের নাম রহমান থেকে নির্গত করে এটাকে 'রাহেম' নাম দিয়েছি। অতএব, যে এটাকে সংযুক্ত রাখবে, আমি তাকে সংযুক্ত রাখব, আর যে এটা ছিন্ন করবে, আমি তাকে ছিন্ন করব। -আবূ দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا اللَّهُ، وَأَنَا الرَّحْمَنُ، خَلَقْتُ الرَّحِمَ وَشَقَقْتُ لَهَا مِنْ اسْمِي، فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, আল্লাহ তা'আলা আপন প্রজ্ঞা ও ইচ্ছায় জন্মের এমন নীতি বানিয়ে দিয়েছেন যে, প্রতিটি জন্মগ্রহণকারী আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকে। তারপর এসব আত্মীয়তার কিছু প্রকৃতিগত চাহিদা ও দাবী রয়েছে, যেগুলোর শিরোনাম আল্লাহ্ তা'আলা 'রাহেম' নির্ধারণ করেছেন, যা তাঁর পবিত্র নাম রহমান থেকেই যেন নির্গত, অর্থাৎ, উভয়টির মূল একই। অতএব, যে বান্দা মানুষের প্রকৃতিতে রক্ষিত ও আল্লাহ তা'আলা কর্তৃক নির্ধারিত এসব দাবী ও চাহিদা পূরণ করবে, তার জন্য আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে ঘোষণা রয়েছে যে, তিনি তাকে জড়িয়ে রাখবেন, অর্থাৎ, তাকে আপন বানিয়ে নিবেন। পক্ষান্তরে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চলবে এবং আল্লাহ্ তা'আলার নির্ধারিত হক ও অধিকারসমূহ পদদলিত করবে, আল্লাহ্ তা'আলা তাকে বিচ্ছিন্ন রাখবেন, অর্থাৎ, আপন নৈকট্য, অনুগ্রহ ও রহমত থেকে বঞ্চিত রাখবেন।
আজকের পৃথিবীতে মুসলিম সমাজ যে অবস্থার শিকার এবং নানা স্থানে আল্লাহর রহমত ও অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার যে দৃশ্য পরিলক্ষিত হচ্ছে, নিঃসন্দেহে এটা আমাদের জীবনের বিভিন্ন শাখার সাথে সংশ্লিষ্ট আমাদের অনেক অপকর্মের ফল। কিন্তু এসব হাদীসের আলোকে দৃঢ়তার সাথে বলা যায় যে, এই ধ্বংস ও বঞ্চনায় ঐ অপরাধেরও বিরাট দখল রয়েছে যে, আত্মীয়তার অধিকার রক্ষার শিক্ষা ও দিকনির্দেশনাকে আমাদের অধিকাংশ লোকই ভুলে বসেছে। আর এ ক্ষেত্রে আমাদের কর্মধারা অমুসলিমদের থেকে মোটেই ভিন্ন নয়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)