মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পিতামাতার অবাধ্যতা ও তাদেরকে কষ্ট দেওয়া মহাপাপ
৪৪. হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কবীরা গুনাহগুলোর মধ্যে একটি হচ্ছে নিজের পিতামাতাকে গালি দেওয়া। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! কোন ব্যক্তি কি নিজের পিতামাতাকে গালি দিতে পারে? তিনি বললেন, হ্যাঁ। সে কারো পিতাকে গালি দেয়, আর সে প্রতি উত্তরে তার পিতাকে গালি দেয়। সে কারো মাকে গালি দেয়, আর সে প্রতি উত্তরে তার মাকে গালি দেয়। (তাই সে নিজেই যেন তার পিতামাতাকে গালি শুনাল।) -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ» قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَهَلْ يَشْتِمُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: «نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, কোন মানুষের অন্য কোন ব্যক্তিকে এমন কথা বলা অথবা তার সাথে এমন কোন আচরণ করা, যার ফলে ঐ ব্যক্তি তার পিতামাতাকে গালি দিতে শুরু করে এটা এমনই খারাপ কথা, যেমন নিজেই নিজের পিতামাতাকে গালি দেওয়া। আর এগুনাহটি কবীরা পর্যায়ের। এর দ্বারা অনুমান করা যেতে পারে যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর শিক্ষায় পিতামাতার সম্মানের কি স্থান রয়েছে এবং এ ব্যাপারে মানুষকে কতটুকু সতর্ক থাকতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান