মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মায়ের খেদমত বড় বড় গুনাহ মাফ হওয়ার কারণ হয়
৩৫. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করীম (ﷺ) এর খেদমতে এসে নিবেদন করল, ইয়া রাসূলাল্লাহ! আমি একটি বড় গুনাহ করে ফেলেছি। তাই আমার কি তওবা কবুল হবে? তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি মা আছেন? সে বলল, না, মা নেই। তিনি এবার জিজ্ঞাসা করলেন, তোমার কি কোন খালা আছে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তার সেবা ও তার সাথে উত্তম আচরণ কর। (আল্লাহ্ তা'আলা এর বরকতে তোমার তওবা কবুল করে নিবেন এবং তোমাকে ক্ষমা করে দিবেন।) -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أَصَبْتُ ذَنْبًا عَظِيمًا فَهَلْ لِي تَوْبَةٌ؟ قَالَ: هَلْ لَكَ مِنْ أُمٍّ؟ قَالَ: لاَ، قَالَ: هَلْ لَكَ مِنْ خَالَةٍ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَبِرَّهَا. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

তওবা কি? কৃত গুনাহর উপর আন্তরিকভাবে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। যাতে বান্দা আল্লাহর ক্রোধ ও আযাব থেকে বেঁচে যায়, গুনাহর কারণে যার উপযুক্ত সে হয়ে গিয়েছে। আর তওবা কবুল হওয়ার অর্থ এই যে, আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দিয়ে তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এমনিতে তো সকল সৎকর্মের মধ্যে এ বৈশিষ্ট্য রয়েছে যে, এগুলো গুনাহর মন্দ প্রভাবকে বিদূরিত করে দেয় এবং আল্লাহর রহমত টেনে আনে। إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَات কিন্তু কোন কোন পুণ্যকর্ম এ ক্ষেত্রে অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা রাখে। এ হাদীস থেকে জানা গেল যে, পিতামাতার খেদমত এবং তেমনিভাবে খালা ও নানীর খেদমতও ঐসব পুণ্য কর্মের অন্তর্ভুক্ত, যেগুলোর বরকতে আল্লাহ্ তা'আলা বড় বড় পাপী ও দুষ্কর্মশীলদের তওবা কবুল করে নেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান