মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বুড়ো পিতামাতার খেদমতে ত্রুটিকারী বড়ই হতভাগা
৩০. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঐ ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, অপদস্থ হোক। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! সে কে? (অর্থাৎ, কার ব্যাপারে এ বদদু‘আ করছেন?) তিনি উত্তর দিলেন, যে ব্যক্তি তার পিতামাতা অথবা তাদের একজনকে বার্ধক্যাবস্থায় পায়, অথচ (তাদের খেদমত করে এবং তাদেরকে খুশী করে) জান্নাতে যেতে পারে না। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَغِمَ أَنْفُهُ، ثُمَّ رَغِمَ أَنْفُهُ، ثُمَّ رَغِمَ أَنْفُهُ» قِيلَ: مَنْ؟ يَا رَسُولَ اللهِ قَالَ: «مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ، أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا، ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবু উমামা রাযি. এর ঐ হাদীসটি উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত ও জাহান্নাম। (অর্থাৎ, পিতামাতার খেদমত ও তাদেরকে সুখদান জান্নাত লাভের মাধ্যম এবং এর বিপরীত তাদের অবাধ্যতা ও তাদেরকে কষ্টদান মানুষকে জাহান্নামী বানিয়ে দেয়।) তারপর এ কথাও সুস্পষ্ট যে, যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে কোন কাজের যোগ্য থাকে না, তখন তারা খেদমত ও সুখদানের অধিক মুখাপেক্ষী হয়ে যায় এবং এ সময় তাদের খেদমত ও সেবা আল্লাহ তা'আলার কাছে অত্যন্ত প্রিয় ও গ্রহণীয় কাজ এবং জান্নাতে পৌঁছার সিঁড়ি হয়ে যায়। অতএব, আল্লাহ্ তা'আলা যাকে এ সুযোগ দান করেন, আর সে পিতামাতা অথবা তাদের একজনকে বার্ধক্যাবস্থা পায় এবং তারপরও তাদের খেদমত করে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না, নিঃসন্দেহে সে বড়ই হতভাগা ও বদনসীব। এমন ব্যক্তির বেলায়ই রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, সে ভাগ্যাহত হোক, অপমানিত হোক, অপদস্থ হোক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)