মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মায়ের হক পিতার চেয়েও বেশী
২৯. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ! আমার সুন্দর আচরণ পাওয়ার অধিক হকদার কে? তিনি উত্তর দিলেন, তোমার মা, আবার বলছি, তোমার মা, আবার বলছি, তোমার মা। তারপর তোমার পিতা, তারপর তোমার নিকট আত্মীয়গণ, তারপর তাদের পরবর্তী নিকট আত্মীয়গণ। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: «أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أَبُوكَ» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবূ হুরায়রা রাযি.-এর এই হাদীসে প্রশ্নকারী সাহাবীর নাম উল্লেখিত হয়নি। কিন্তু তিরমিযী ও আবূ দাউদ শরীফে বাহয ইবনে হাকীম ইবনে মুআবিয়া কুশায়রী থেকে বর্ণিত হয়েছে যে, আমার দাদা মুআবিয়া ইবনে হায়দা কুশায়রী রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে কার খেদমত ও কার সাথে অতি সুন্দর আচরণ করা চাই? তিনি উত্তর দিয়েছিলেন, তোমার মায়ের। তারপর আবার জিজ্ঞাসা করলে তিনি একই উত্তর দিয়েছিলেন। তৃতীয়বারও একই উত্তর দিলেন। তার পর চতুর্থবারে বললেন, মায়ের পর হচ্ছে তোমার পিতার হক এবং এরপর বিভিন্ন স্তর হিসাবে আত্মীয়-স্বজনের সাথে উত্তম আচরণ করতে হবে। এ দু'টি হাদীসেরই বিষয়বস্তু এমনকি প্রশ্নোত্তরের শব্দমালাও প্রায় একই। এ জন্য তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে, বুখারী-মুসলিমে হযরত আবূ হুরায়রার বর্ণনায় যে ব্যক্তির প্রশ্নের উল্লেখ করা হয়েছে, তিনি এই মুআবিয়া ইবনে হায়দা কুশায়রীই- যার হাদীসটি তার নাতি বাহয ইবনে হাকীম থেকে ইমাম তিরমিযী ও আবু দাউদ বর্ণনা করেছেন।
এ দু'টি হাদীসেরই স্পষ্ট দাবী এই যে, খেদমত ও উত্তম আচরণের ক্ষেত্রে মায়ের হক পিতার চেয়ে বেশী ও অগ্রগণ্য। কুরআন মজীদ থেকেও এটাই বুঝা যায়। কেননা, কুরআন মজীদে কয়েক স্থানে পিতামাতার সাথে উত্তম আচরণের তাকীদের সাথে বিশেষভাবে মায়ের ঐসব কষ্ট ও বিপদের কথা উল্লেখ করা হয়েছে, যা গর্ভধারণ ও প্রসবের সময় এবং তারপর দুধপান ও লালন-পালনে বিশেষভাবে মাকেই বহন করতে হয়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)