মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির সাথে সম্পৃক্ত
২৮. হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رِضَى الرَّبِّ فِي رِضَى الوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম ও দাবী এই যে, যে ব্যক্তি তার মালিক ও মাওলাকে খুশী করতে চায়, সে যেন নিজের পিতাকে খুশী রাখে। আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়ার জন্য পিতার সন্তুষ্টি কামনা পূর্বশর্ত। আর পিতার অসন্তুষ্টির অনিবার্য ফল হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। অতএব, যে কেউ পিতাকে অসন্তুষ্ট করবে, সে আল্লাহর সন্তুষ্টির দৌলত থেকে বঞ্চিত থাকবে।

এই হাদীসে 'ওয়ালেদ' শব্দ এসেছে, যা আরবী ভাষায় পিতার জন্যই ব্যবহার করা হয়, মায়ের জন্য 'ওয়ালেদা' শব্দ বলা হয়। এ ভিত্তিতে এ হাদীসে মায়ের উল্লেখ স্পষ্টভাবে আসে নাই, কিন্তু যেহেতু অন্যান্য হাদীসে যেগুলো একটু পরেই আসবে, মায়ের অধিকার পিতার চেয়েও বেশী বলা হয়েছে, এজন্য মায়ের সন্তুষ্টি ও অসন্তুষ্টিরও ঐ গুরুত্ব ও ঐ স্থানই হবে, যা এই হাদীসে পিতার সন্তুষ্টি ও অসন্তুষ্টির বেলায় বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান