মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সন্তানের উপর পিতামাতার হক ও অধিকার

রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে পিতামাতার উপর সন্তানের বিভিন্ন অধিকার ও এতদসংক্রান্ত তাদের দায়িত্বের কথা বলে দিয়েছেন, তদ্রূপভাবে সন্তানের উপর পিতামাতার হক ও অধিকার এবং এতদসংক্রান্ত দায়িত্ব ও কর্তব্যের কথাও বলে দিয়েছেন; বরং এটাকে নিজের শিক্ষা ও পথনির্দেশে ঈমানের অংশের মর্যাদা দিয়েছেন। কুরআন মজীদ- যা আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে তাঁর প্রতি অবতীর্ণ হেদায়াতগ্রন্থ, এতে পিতামাতার খেদমত এবং তাদের সাথে উত্তম আচরণের নির্দেশ আল্লাহ তা'আলার তওহীদ ও ইবাদতের সাথে সাথে এভাবে দেওয়া হয়েছে যে, এর দ্বারা বুঝা যায় যে, মানুষের কর্মসমূহের মধ্যে আল্লাহর ইবাদতের পরেই হচ্ছে পিতামাতার খেদমত ও তাদের সুখদানের স্থান। সূরা বনী ইসরাঈলে এরশাদ হয়েছে: وَقَضٰی رَبُّکَ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّاۤ اِیَّاہُ وَبِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا অর্থাৎ, আপনার প্রতিপালকের চূড়ান্ত নির্দেশ যে, কেবল তাঁরই ইবাদত করবে, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। অন্যত্র সূরা লোকুমানে পিতামাতার হক ও অধিকার বর্ণনা করতে গিয়ে এতটুকু পর্যন্ত বলা হয়েছে যে, কারো পিতামাতা যদি কাফের ও মুশরিক হয় এবং সন্তানদেরকেও কুফর ও শিরকে বাধ্য করতে চায়, তাহলে সন্তানের উচিত, তাদের কথায় কুফর ও শিরক তো গ্রহণ করবে না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার ও খেদমত তখনও করে যাবে। আয়াতটি এই

وَاِنۡ جَاہَدٰکَ عَلٰۤی اَنۡ تُشۡرِکَ بِیۡ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ۙ فَلَا تُطِعۡہُمَا وَصَاحِبۡہُمَا فِی الدُّنۡیَا مَعۡرُوۡفًا

সামনের হাদীসগুলোতে রাসূলুল্লাহ (ﷺ) পিতামাতার হক ও এতদসংক্রান্ত সন্তানের কর্তব্য সম্পর্কে যাকিছু বলেছেন, এগুলো মূলত কুরআন মজীদের ঐসব আয়াতেরই ব্যাখ্যা ও তফসীর।

পিতামাতা হচ্ছে সন্তানের জান্নাত ও জাহান্নাম
২৭. হযরত আবু উমামা রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর খেদমতে এসে জিজ্ঞাসা করল, সন্তানের উপর পিতামাতার কতটুকু অধিকার রয়েছে? তিনি বললেন, তারা হচ্ছে তোমার জান্নাত ও জাহান্নাম। -ইবনে মাজাহ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدِهِمَا؟ قَالَ: «هُمَا جَنَّتُكَ وَنَارُكَ» (رواه ابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, যদি তুমি পিতামাতার আনুগত্য ও খেদমত কর এবং তাদেরকে খুশী রাখ, তাহলে জান্নাত পেয়ে যাবে। আর এর বিপরীত যদি তাদের অবাধ্যতা করে তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে অসন্তুষ্ট কর, তাদের অন্তরে ব্যথা দাও, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান