মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিয়ে-শাদীর দায়িত্ব
রাসূলুল্লাহ (ﷺ) পিতার এ দায়িত্বও বলে দিয়েছেন যে, যখন ছেলে অথবা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়, তখন তাদের বিয়ের ব্যবস্থা করবে এবং তিনি তাকীদ করেছেন যে, এ ব্যাপারে যেন অবহেলা প্রদর্শন করা না হয়।
রাসূলুল্লাহ (ﷺ) পিতার এ দায়িত্বও বলে দিয়েছেন যে, যখন ছেলে অথবা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়, তখন তাদের বিয়ের ব্যবস্থা করবে এবং তিনি তাকীদ করেছেন যে, এ ব্যাপারে যেন অবহেলা প্রদর্শন করা না হয়।
২৬. হযরত আবু সাঈদ খুদরী ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার কোন সন্তান জন্ম গ্রহণ করল, তার কর্তব্য হচ্ছে সন্তানের সুন্দর নাম রাখা, তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া এবং বালেগ হয়ে গেলে তার বিয়ের ব্যবস্থা করা। যদি (সে এতে ত্রুটি করে এবং) বিয়ের বয়সে পৌঁছে যাওয়ার পরও (নিজের অবহেলা ও উদাসীনতার কারণে) বিয়ের ব্যবস্থা না করে, আর সে এ কারণে কোন গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে এ গুনাহর দায়িত্ব তার পিতার উপর বর্তাবে। বায়হাকী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَعِيدٍ، وَابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنِ اسْمَهُ وَأَدَبَهُ، فَإِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ فَإِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَأَصَابَ إِثْمًا، فَإِنَّمَا إِثْمُهُ عَلَى أَبِيهِ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে সন্তান বিবাহযোগ্য হয়ে গেলে তাদের বিয়ের ব্যবস্থা করাকেও পিতার দায়িত্ব বলে সাব্যস্ত করা হয়েছে। আফসোস! আমাদের সমাজে এ ব্যাপারে বড়ই ত্রুটি ও অবহেলা করা হচ্ছে, যার সবচেয়ে বড় কারণ এই যে, আমরা অন্যদের অনুকরণে বিয়ে-শাদীকে বিরাট ভারী বোঝা বানিয়ে নিয়েছি এবং তাদের প্রথা ও রেওয়াজের বেড়ী আমাদের পায়ে জড়িয়ে নিয়েছি। আমরা যদি এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্দর আদর্শকে অনুসরণ করি এবং বিয়ে-শাদীর ব্যবস্থা এভাবে করতে শুরু করি, যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) নিজে নিজের বিয়ে এবং আপন কন্যাদের বিয়ে সম্পাদন করেছিলেন, তাহলে এ কাজটি এমন হাল্কা ও সহজ হয়ে যাবে, যেমন একজন মুসলমানের জুমুআর নামায আদায় করা। তারপর এ বিয়েতে ঐসব বরকত দেখা যাবে, যেগুলো থেকে আমরা একেবারে বঞ্চিত হয়ে আছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)