মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৯৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
দরূদ ও সালাম: হাদীসে দরূদ ও সালামের প্রতি উৎসাহ দান এবং তার ফাযায়েল ও বরকতসমূহ
২৯৬. হযরত আবদুর রহমান ইব্‌ন আওফ (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ ﷺ লোকালয় থেকে বের হয়ে একটি খেজুর বাগানে প্রবেশ করলেন এবং সিজদায় গিয়ে তা এত দীর্ঘ করলেন যে, আমার আশঙ্কা হলো, আল্লাহ তাঁর জান কবয করে নেননি তো! আমি তখন তাঁর নিকটবর্তী হয়ে গভীরভাবে দেখতে লাগলাম, এমন সময় তিনি তাঁর মাথা উঠালেন। তারপর আমাকে লক্ষ্য করে বললেন, তোমার কী হলো হে? (অমন করে কী দেখছো?) আমি বললাম, (দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার সিজদা থেকে মাথা না উঠানোর দরুণ) আমার সন্দেহ হয়, এ জন্যে আমি আপনাকে (গভীরভাবে) দেখছিলাম।

তখন তিনি বললেন, আসল ব্যাপার হচ্ছে এই যে, জিব্রাইল (আ) এসে আমাকে বললেন, আমি কি আপনাকে একটি সুসংবাদ শুনাবো না? আল্লাহ তা'আলা আপনাকে বলছেন: যে ব্যক্তি আপনার প্রতি সালাত প্রেরণ করবে আমিও তার প্রতি সালাত প্রেরণ করবো আর যে ব্যক্তি আপনার প্রতি সালাম প্রেরণ করবে আমিও তার পতি সালাম প্রেরণ করবো। - (মুসনাদ আহমদ)
کتاب الاذکار والدعوات
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاتَّبَعْتُهُ حَتَّى دَخَلَ نَخْلًا فَسَجَدَ، فَأَطَالَ السُّجُودَ حَتَّى خَشِيتُ أَنْ يَكُونَ اللَّهُ قَدْ تَوَفَّاهُ قَالَ: فَجِئْتُ أَنْظُرُ فَرَفَعَ رَأْسَهُ، فَقَالَ: «مَا لَكَ يَا عَبْدَ الرَّحْمَنِ» قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، قال: فَقَالَ: " إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلامُ قَالَ لِي: أَلا أُبَشِّرُكَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ لَكَ: مَنْ صَلَّى عَلَيْكَ صَلَّيْتُ عَلَيْهِ، وَمَنْ سَلَّمَ عَلَيْكَ سَلَّمْتُ عَلَيْهِ " (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি সালাত ও সালাম প্রেরণকারীদের প্রতি স্বয়ং আল্লাহ তা'আলার সালাত ও সালাম বর্ষণের কথা বর্ণিত হয়েছে, কিন্তু দশ সংখ্যার ওয়াদার এতে উল্লেখ নেই। কিন্তু এর আগে হযরত আবূ তালহা বর্ণিত হাদীসের দ্বারা জানা যায় যে, হযরত জিবরাইল (আ) আল্লাহ তা'আলার পক্ষ থেকে দশবার সালাত ও সালাম বর্ষণের সুসংবাদ দিয়েছিলেন। তারপর হয় রাসূলুল্লাহ ﷺ নিজেই আর দশবারের কথা উল্লেখ করা জরুরী বিবেচনা করেননি, অথবা পরবর্তী কোন রাবী হাদীস বর্ণনাকালে তা বলতে ভুলে গিয়ে থাকবেন।

মুসনাদে আহমদে এ হাদীসের অন্য এক রিওয়ায়াতে এটুকুও আছে فَسَجَدْتُ لِلّٰهِ شُكْرًا সুতরাং আমি শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে সিজদা করলাম। ইমাম বায়হাকী হাদীসটি বর্ণনা করে মন্তব্য করেন: সিজদায়ে শুকর এর প্রমাণ স্বরূপ বর্ণিত হাদীসগুলোর মধ্যে আমার দৃষ্টিতে এটিই সর্বাধিক বিশুদ্ধ ও প্রামাণ্য হাদীস। আল্লাহই ভালো জানেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২৯৬ | মুসলিম বাংলা