মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৯৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
দরূদ ও সালাম: হাদীসে দরূদ ও সালামের প্রতি উৎসাহ দান এবং তার ফাযায়েল ও বরকতসমূহ
২৯৪. আবু বুরদা ইবনে নিয়ার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমার উম্মতের যে কেউ অন্তরের অন্তঃস্থল থেকে একবার আমার প্রতি সালাত প্রেরণ করবে, আল্লাহ তা'আলা তার প্রতি দশটি সালাত প্রেরণ করেন এবং এর বিনিময়ে তার দশটি স্তর উন্নীত করেন এবং তার জন্য দশটি নেকি লিখে দেন এবং তার দশটি পাপ মোচন করেন।
- (সুনানে নাসায়ী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى عَلَيَّ مِنْ أُمَّتِي صَلَاةً مُخْلِصًا مِنْ قَلْبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ بِهَا عَشْرَ صَلَوَاتٍ، وَرَفَعَهُ بِهَا عَشْرَ دَرَجَاتٍ، وَكَتَبَ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ، وَمَحَا عَنْهُ عَشْرَ سيئاتٍ» (رواه النسائى)

হাদীসের ব্যাখ্যা:

এক হাদীসে রাসূলুল্লাহ (স)-এর প্রতি একবার দরূদ পাঠের জন্যে দশবার সালাত বর্ষণের কথাই বলা হয়েছে। হযরত আনাস (রা) বর্ণিত হাদীসে দশবার সালাত বর্ষণের সাথে সাথে দশটি স্তর উন্নীত করার এবং দশটি পাপ মোচনের কথা বলা হয়েছে। হযরত আবূ বুরদা ইবনে নিয়ার বর্ণিত হাদীসে উপরন্তু দশটি নেকি দরূদ পাঠকারীর আমলনামায় লিখিত হওয়ার সুসংবাদও শুনানো হয়েছে। এ অধম লেখকের মতে, এটা একান্তই ইজমালী বর্ণনা ও তার ব্যাখ্যার তারতম্য। অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় হাদীসে যা বলা হয়েছে, তা প্রথামোক্ত হাদীসে ইজমালীভাবে বর্ণিত বক্তব্যের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহই সম্যক অবগত। তৃতীয়োক্ত হাদীস দ্বারা একথাও জানা গেল যে, আল্লাহ তা'আলার পক্ষ থেকে এ বিনিময় লাভের জন্যে পূর্বশর্ত হলো এই যে, রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি এ সালাত ও সালাম হতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে-অত্যন্ত খালিস অন্তরে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান