মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৮০
আযকার এবং দাওয়াত অধ্যায়
মুসলিম সাধারণের জন্যে ইস্তিগফার

কুরআন মজীদে রাসূলুল্লাহ ﷺ-কে নির্দেশ দেওয়া হয়েছে যে, তিনি যেন তাঁর নিজের জন্যে এবং নারী-পুরুষ নির্বিশেষে মুসলিম সাধারণের জন্যে ইস্তিগফার বা আল্লাহ তা'আলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন।
(وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ)
ঐ একই হুকুম আমাদের উম্মতীদের জন্যেও। রাসূলুল্লাহ ﷺ-এর জন্যে উৎসাহিত করেছেন এবং এর ফযীলত বর্ণনা করেছেন। এ সিলসিলার দু'খানা হাদীস নিম্নে পাঠ করুন:
২৮০. হযরত উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ ফরমান; যে ব্যক্তি মু'মিন পুরুষদের জন্যে এবং মু'মিনা নারীদের জন্যে আল্লাহর দরবারে ইস্তিগফারের দু'আ করবে, প্রতিটি মু'মিন নর-নারীর হিসাবে সে ব্যক্তির জন্যে একটি করে নেকি লিখিত হবে।
-(মু'জামে কবীর: তাবারানী সঙ্কলিত)
کتاب الاذکار والدعوات
عن عبادة بن الصامت قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "من استغفر للمؤمنين والمؤمنات كتب له بكل مؤمن ومؤمنة حسنة " (رواه الطبرانى فى الكبير)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর কোন ঈমানদার বান্দা-বান্দীর জন্যে মাগফিরাত তথা ক্ষমার দু'আ করা যে তার প্রতি একটা বড় এহসান এবং তার একটি বড় খিদমত, তা বলাই বাহুল্য। এ জন্যে যখন কোন বান্দা নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মু'মিন মুসলমানের জন্যে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করে, তখন প্রকৃত পক্ষে সে আউয়াল আখের, জীবিত এবং মৃত সকল মুসলমানের খিদমত এবং তাদের প্রতি সদাচার করলো। এ জন্যে প্রতিটি মুসলমানের বিনিময়ে সে একটি করে ছাওয়াব লাভ করবে এবং তার আমলনামায় প্রত্যেকের বিনিময়ে একটি করে ছাওয়াব লিখিত হবে।

সুবহানাল্লাহ! আমাদের জন্যে অসংখ্য ছাওয়াব অর্জনের পথ খুলে দেওয়া হয়েছে। আল্লাহ তা'আলা এ থেকে আমাদের উপকৃত হওয়ার তাওফীক দান করুন! সমস্ত মু'মিন মু'মিনাতের জন্যে দু'আয়ে মাগফিরাতের সর্বোত্তম শব্দমালা হচ্ছে তাই, যা কুরআন মজীদে হযরত ইবরাহীম (আ)-এর বরাতে উদ্ধৃত হয়েছে:

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

"হে আল্লাহ! আমাকে, আমার পিতামাতাকে এবং তাবৎ ঈমানদারকে ক্ষমা করে দিও হিসাব-নিকাশ কায়েমের (কিয়ামতের) দিনে।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২৮০ | মুসলিম বাংলা