মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৩৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৮. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওহী নাযিল হচ্ছিলো। (আর ওহী নাযিলের সময় যে বিশেষ অবস্থা তাঁর মধ্যে দেখা দিতো তা তাঁর মধ্যে দেখা দিল। যখন সে অবস্থার অবসান ঘটল) তখন তিনি কিবলামুখী হলেন। হাত উঠিয়ে এরূপ দু'আ করলেন:
اَللّٰهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا وَاَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَأَرْضِنَا وَارْضَ عَنَّا
-"হে আল্লাহ! আমাদেরকে বৃদ্ধি করে দাও, আমাদেরকে কম দিবে না! আমাদেরকে সম্মানিত কর, অপদস্থ করো না। আমাদেরকে সর্বপ্রকার নিয়ামত দান কর, আমাদেরকে বঞ্চিত করো না। আমাদেরকে আপন করে নাও, অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দিও না। আমাদেরকে প্রসন্ন করে দাও এবং তুমি আমাদের প্রতি প্রসন্ন হয়ে যাও।"
-(মুসনাদে আহমদ, জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُنْزِلَ عَلَيْهِ الوَحْيُ يَوْمًا ...... فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ، وَقَالَ: «اللَّهُمَّ زِدْنَا وَلا تَنْقُصْنَا، وَأَكْرِمْنَا وَلا تُهِنَّا، وَأَعْطِنَا وَلا تَحْرِمْنَا، وَآثِرْنَا وَلا تُؤْثِرْ عَلَيْنَا، وَارْضَ عَنَّا وَأَرْضِنَا» (رواه احمد والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে পরে এটুকুও আছে যে, এ সময় রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি সূরা মু'মিনূনের প্রথম দশটি আয়াত নাযিল হয়েছিল। তাঁর কলবে এর অনন্য সাধারণ প্রভাব পড়ে। সে অনুভূতিতে আপ্লুত অবস্থায় তিনি নিজের এবং নিজ উম্মতের জন্যে এ দু'আটি করেছিলেন।

এ হাদীসের দ্বারা এটুকুও জানা গেল যে, ঐকান্তিক ভাবে দু'আ করার সময় কেবলামুখী হয়ে এবং দু'হাত তুলে দু'আ করাই বাঞ্ছনীয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান