মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২০৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
আরাফাতের দু'আ
২০৬. হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। বিদায় হজ্বের দিন সন্ধ্যার সময় আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ ﷺ-এর খাস দু'আ ছিল এরূপ:

اَللّٰهُمَّ إِنَّكَ تَسْمَعُ كَلَامِي وَتَرَى مَكَانِي وَتَعْلَمُ سِرِّى وَعَلَا نِيَتِي وَلَا يَخْفَى عَلَيْكَ شَيْءٌ مِنْ أَمْرِي وَأَنَا الْبَائِسُ الْفَقِيْرُ الْمُسْتَغِيْثُ الْمُسْتَجِيرُ الْوَجِلُ الْمُشْفِقُ الْمُقِرُّ الْمُعْتَرِفُ بِذَنْبِهِ اَسْئَلُكَ مَسْئَلَةَ الْمِسْكِينِ وَاَبْتَهِلُ إِلَيْكَ ابْتِهَالَ الْمُذْنِبِ الذَّلِيلِ وَاَدْعُوكَ دُعَاءَ الْخَائِفِ الضَّرِيرِ دُعَاءَ مَنْ خَضَعَتْ لَكَ رَقَبَتُهُ وَفَاضَتْ لَكَ عِبْرَتُهُ وَذَلَّ لَكَ جِسْمُهُ وَرَغِمَ لَكَ اَنْفُهُ اَللّٰهُمَّ لَا تَجْعَلْنِي بِدُعَائِكَ شَقِيًّا وَكُنْ لِّي رَؤُوْفَا رَّحِيمًا يَا خَيْرَ الْمَسْئُوْلِينَ وَيَا خَيْرَ المُعْطِينَ

-"হে আল্লাহ! তুমি আমার কথা শুনে থাক আর আমি যখন যেখানেই থাকি না কেন, তুমি আমার অবস্থান দেখে থাক; এবং তুমি আমার যাহির-বাতিন প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুই জান, তোমার কাছে আমার কিছুই গোপন নেই। আমি দুঃখী, আমি ভিখারী, আমি ফরিয়াদকারী, আমি আশ্রয়প্রার্থী, আমি ভীত, আমি কম্পিত, নিজ পাপতাপ অপরাধের স্বীকারোক্তিকারী। আমি তোমার কাছে ভিখারীর যাজ্ঞা করার মত যাজ্ঞা করছি। তোমার দরবারে কাকুতি-মিনতি করছি, যেমন কাকুতি-মিনতি করে থাকে কোন দীন-হীন পাপী-তাপী অপরাধী। এবং তোমার কাছে দু'আ করছি, কোন ভীতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত ব্যক্তি যেমন দু'আ করে থাকে, ঠিক তেমনি দু'আ এবং সে ব্যক্তির দু'আর মত দু'আ করছি, যার গর্দান তোমার দরবারে ঝুঁকে আছে আর যার অশ্রু প্রবাহিত হচ্ছে এবং যার দেহ তথা অঙ্গ-প্রত্যঙ্গ তোমারই সম্মুখে নুয়ে রয়েছে এবং যার নাক তোমার সম্মুখে রগড়াচ্ছে। হে আল্লাহ! আমাকে তুমি এ দু'আর ব্যাপারে বঞ্চিত দুর্ভাগা বানিও না এবং আমার জন্যে তুমি প্রেমময় দয়াময় হয়ে যাও। হে সব দাতার বড় ও উত্তম দাতা! যাদের কাছে যাচ্ঞা করা হয়ে থাকে আর তারা দানও করে থাকে। -(মু'জামে কবীর: তাবারানী সঙ্কলিত)
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ دَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ عَشِيَّةَ عَرَفَةَ «اللهُمَّ إِنَّكَ تَسْمَعُ كَلَامِي، وَتَرَى مَكَانِي، وَتَعْلَمُ سِرِّي وعلانيتِي، لَا يَخْفَى عَلَيْكَ شَيْءٌ مِنْ أَمْرِي، أَنَا الْبَائِسُ الْفَقِيرُ الْمُسْتَغِيثُ الْمُسْتَجِيرُ الْوَجِلُ الْمُشْفِقُ الْمُقِرُّ الْمُعْتَرِفُ بِذَنَبِهِ، أَسْأَلُكَ مَسْأَلَةَ الْمستكينِ وأَبْتَهِلُ إِلَيْكَ ابتهالَ الْمُذْنِبِ الذَّلِيلِ، وَأَدْعُوكَ دُعَاءَ الْخَائِفِ الضَّرِيرِ مَنْ خَضَعَتْ لَكَ رَقَبَتُهُ وَفَاضَتْ لَكَ عَيْنَاهُ وذلَّ جَسَدُهُ وَرَغِمَ أَنْفُهُ لَكَ، اللهُمَّ لَا تَجْعَلْنِي بدُعائِكَ شَقِيًّا، وَكُنْ بِي دَوْمًا رَحِيمًا، يَا خَيْرَ الْمَسْئُولينَ وَيَا خَيْرَ الْمُعْطِينَ» (رواه الطبرانى فى الكبير)

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আর প্রতিটি শব্দ আবদিয়তের স্পীরিটে পূর্ণ এবং মা'রিফতের পূর্ণ ভাষ্য। গোটা বিশ্বের প্রার্থনা ও দু'আর ভাণ্ডারে কোন ভাষায়ই এর নজীর খুঁজে পাওয়া যাবে না। এ দীন লেখকের জীবনে কয়েকবারই এ সুযোগ ঘটেছে যে, কোন কোন খোদাপ্রেমিক অমুসলিম ব্যক্তিত্বকে আমি রাসূলুল্লাহ ﷺ-এর এ দু'আটি শুনিয়েছি এবং তার অনুবাদ করে তাদেরকে এ সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করেছি। তখন তাঁরা এ ব্যাপারে তাঁদের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করতে বাধ্য হয়েছে যে, এ দু'আ কেবল সে হৃদয় নিংড়েই বের হতে পারে, যাঁকে আল্লাহ তাঁর ইলমের বিশেষ অংশ দান করেছেন এবং যাঁর "মা'রিফতে নফস' বা আত্মজ্ঞান এবং মা'রিফতে রব তথা আল্লাহতত্ত্বে পূর্ণ দখল রয়েছে। আল্লাহ তা'আলা আমাদেরকে রাসূলুল্লাহ ﷺ এ মহা মূল্য উত্তরাধিকারের কদর বুঝবার এবং এথেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন। খাস খাস সময়ে ও স্থানে পাঠ্য দু'আ সমূহের সিলসিলা এখানেই সমাপ্ত হলো। وَالْحَمْدُ لِلّٰهِ عَلَى ذَالِكَ -এজন্যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলারই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান