মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৭৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
দুশ্চিন্তাকালীন দু'আ
১৭৮. হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা) থেকে বর্ণিত। যার দুশ্চিন্তা ও পেরেশানী বৃদ্ধি পায় সে যেন আল্লাহ তা'আলার দরবারে এভাবে দু'আ করে:

اَللّٰهُمَّ إِنِّي عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ آمَتِكَ وَفِي قَبْضَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ قَضَاءُكَ أَسْئَلُكَ لِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي مَكْنُونِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ الْعَظِيمَ رَبِيعَ قَلْبِي وَجِلَاءِ هَمِّى وَغَمِّيْ.

"হে আল্লাহ! আমি তোমারই বান্দা তোমারই বান্দার সন্তান, আমি তোমারই পূর্ণ ইখতিয়ারে এবং তোমারই কুদরতের হাতে রয়েছি। আমার উপর তোমারই আধিপত্য ও কর্তৃত্ব, আমার ব্যাপারে তোমার প্রতিটি ফয়সালা যথার্থ ও ইনসাফপূর্ণ। তোমার দরবারে প্রার্থনা করছি, তোমার সে সব পবিত্র নামের সাহায্যে, যদ্বারা তুমি নিজেকে নিজে অভিহিত করেছো। অথবা তুমি তোমার কিতাবে তা অবতীর্ণ করেছো। অথবা তোমার গায়বের খাস গুপ্তভাণ্ডারে তা গোপন রেখেছো। আমি প্রার্থনা করছি মহান কুরআনকে আমার অন্তরের বাহার এবং আমার দুশ্চিন্তা-দুর্ভাবনা ও শোক সন্তাপ বিদূরিতকারী বানিয়ে দাও।”

আল্লাহর যে বান্দা-ই এ কালিমাসমূহের মাধ্যমে দু'আ করবে, আল্লাহ তা'আলা তার দুর্ভাবনা ও পেরেশানী দূর করে দিয়ে অবশ্যই শান্তি দান করবেন। -(রাযীন)
کتاب الاذکار والدعوات
عَنِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ كَثُرَ هَمُّهُ فَلْيَقُلْ "اللهُمَّ إِنِّي عَبْدُكَ، وَابْنُ عَبْدِكَ، وَابْنُ أَمَتِكَ، وَفِىْ قَبْضَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِيْ مَكْنُوْنٍ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ الْعَظِيْمِ رَبِيعَ قَلْبِي، وَجِلَاءَ هَمِّي وَغَمِّىْ مَا قَالَهَا عَبْدٌ قَطُّ إِلَّا أَذْهَبَ اللهُ هَمَّهُ، أَبْدَلَهُ بِهِ فَرَجًا" (رواه ابن رزين)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ-এর শিক্ষা দেয়া এ দু'আটির প্রতিটি শব্দে উবুদিয়তের কী চমৎকার অভিব্যক্তি ঘটেছে! সর্ব প্রথমেই স্বীকারোক্তি রয়েছে যে, হে আল্লাহ! আমি নিজের ও তোমার বান্দা এবং আমার পিতামাতাও একান্তই তোমার বান্দা ও বাঁদী-দাসানুদাস। অর্থাৎ জন্মগত ভাবেই আমি তোমার দাস। তুমি আমার মুনীব ও প্রতিপালক। আমি আপাদ মস্তক তোমার মর্জির অধীন, আমার দেহ-মন তোমারই পূর্ণ ইখতিয়ারে। আমার ব্যাপারে তোমার প্রতিটি ফয়সালাই বরহক এবং কার্যকর। আমার বা অন্য কারো টু শব্দটি করার উপায় নেই।

তারপর এ দু'আয় বলা হয়েছে, আমার এমন কোন আমল বা সৎকর্ম নেই, যার উপর ভিত্তি করে আমি তোমার দরবারে কোন দাবি তুলতে পারি। এজন্যে তোমার সে পবিত্র মহান নামগুলির ওসীলায়, যে সব নামে তুমি নিজে নিজেকে অভিহিত করেছো, বা তোমার কিতাবে যে সব নাম তুমি নিজে অবতীর্ণ করেছো অথবা সে সব পবিত্র নাম কেবল তোমারই গুপ্তভাণ্ডারে তুমি গোপনে সংরক্ষণ করে রেখেছো এবং যেগুলো তুমি কারো কাছে ব্যক্ত করনি, কেউ সেগুলো সম্পর্কে অবহিত নয়, সেগুলোর ওসীলায় আমি ফরিয়াদ করছি, তোমার পাক কুরআনকে আমার অন্তরের বাহার বানিয়ে দাও আমার সকল দুশ্চিন্তা দুর্ভাবনা ও পেরেশানী সেগুলোর বরকতে দূর করে দাও।

রাসূলুল্লাহ ﷺ বলেনঃ বান্দা যখন এরূপ দু'আ করবে, তখন অতি অবশ্যই তার দুর্ভাবনা ও পেরেশানী দূর করে দেয়া হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান