মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৪২
আযকার এবং দাওয়াত অধ্যায়
নিদ্রা থেকে গাত্রোত্থান কালীন দু'আ
১৪২. হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যখন রাতের বেলা ঘুম থেকে জাগতেন, তখন আল্লাহর দরবারে এভাবে আরয করতেন:

لَا اِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ اَللّٰهُمَّ وَبِحَمْدِكَ اَسْتَغْفِرُكَ لِذَنْبِي وَاَسْئَلُكَ رَحْمَتَكَ اَللّٰهُمَّ زِدْنِي عِلْمًا وَلَا تُزِغْ قَلْبِيْ بَعْدَ إِذْ هَدَيْتَنِي وَهَبْ لِي مِنْ لَّدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

হে আল্লাহ! তুমিই একমাত্র উপাস্য, তুমি বিনে কোন উপাস্য নেই, তুমি পবিত্র প্রতিটি স্তব-স্তুতির যোগ্য তুমিই, হে আল্লাহ! আমার গুনাহসমূহের জন্যে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছে প্রার্থনা করছি তোমার রহমত। হে আল্লাহ! আমার ইলম ও মা'রিফত বৃদ্ধি কর এবং আমার অন্তরের এমনি হিফাযত কর, যেন হিদায়াত প্রাপ্তির পর তা বিভ্রান্তিতে নিপতিত না হয় এবং তোমার রহমত দানে আমাকে ধন্য কর, কেননা তুমিই মহা বদান্যশীল। -(সুনানে আবূ দাউদ)
کتاب الاذکار والدعوات
عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَيْقَظَ مِنَ اللَّيْلِ قَالَ: «لَا إِلَهَ إِلَّا أَنْتَ، سُبْحَانَكَ، اللَّهُمَّ أَسْتَغْفِرُكَ لِذَنْبِي، وَأَسْأَلُكَ رَحْمَتَكَ، اللَّهُمَّ زِدْنِي عِلْمًا، وَلَا تُزِغْ قَلْبِي بَعْدَ إِذْ هَدَيْتَنِي، وَهَبْ لِي مِنْ لَدُنْكَ رَحْمَةً، إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আটি সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও কতই না ব্যাপক অর্থপূর্ণ! এর প্রতিটি শব্দে শব্দে আবদিয়তের কী আকূতি ফুটে উঠেছে তা কেবল তারাই অনুধাবন করতে পারবেন, যাদের আল্লাহ ও বান্দার গভীর সম্পর্ক সম্পর্কে কিছু ধারণা আছে! নিঃসন্দেহে বান্দা যখন ঘুম থেকে জেগেই ইখলাস ও হুযুরে কালবের সাথে এরূপ দু'আ করবে, তখন সে আল্লাহর খাস রহমত ও কৃপা দৃষ্টির যোগ্য হবে। আল্লাহ তা'আলা তাঁর রহমতের সত্যিকারের কাঙাল বানান এবং তা হাসিল করার তাওফীক দান করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান