মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৯৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
পাঁচ: ছোটদের কাছেও দু'আর দরখাস্ত করা
৯৩. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি উমরার উদ্দেশ্যে মক্কা যাত্রার জন্যে রাসূলুল্লাহ ﷺ-এর নিকট অনুমতি প্রার্থনা করলাম। তিনি আমাকে অনুমতি দিলেন এবং বললেন:
"ভাই, তোমার দু'আয় আমাদেরকেও শরীক রাখবে এবং আমাদেরকে ভুলে যাবে না কিন্তু।"

হযরত উমর (রা) বলেন, আল্লাহর নবী ﷺ আমাকে (ভাই বলে) যে শব্দটি বললেন, তার বিনিময়ে গোটা সংসার দিয়ে দিলেও আমি রাজী বা খুশি হবো না।
- (আবূ দাউদ, তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: اسْتَأْذَنْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعُمْرَةِ، فَأَذِنَ لِي، وَقَالَ: «لَا تَنْسَنَا يَا أُخَيَّ مِنْ دُعَائِكَ»، فَقَالَ كَلِمَةً مَا يَسُرُّنِي أَنَّ لِي بِهَا الدُّنْيَا. (رواه ابوداؤد والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসটির দ্বারা বুঝা গেল যে, দু'আ এমনি একটি মূল্যবান ব্যাপার, যার দরখাস্ত বড়দেরও ছোটদের কাছে করা উচিত। বিশেষতঃ যখন তারা কোন মকবুল আমল বা পবিত্র স্থানের দিকে যাত্রা করে, যেখানে কবুলিয়তের বিশেষ আশা থাকে।

এ হাদীসে রাসূলুল্লাহ ﷺ হযরত উমর (রা)-কে اُخَيَّ বা ভাইয়া বলে সম্বোধন করেছেন, যার শাব্দিক অর্থ হচ্ছে ছোট্ট ভাইটি। এতে হযরত উমর (রা) যে পরিমাণ আনন্দিত হয়েছেন (যা তিনি প্রকাশও করেছেন) তা যথার্থ। উপরন্তু হাদীসের দ্বারা হযরত উমর (রা)-এর মর্যাদা এবং আল্লাহর দরবারে তাঁর মকবুলিয়তের যে সাক্ষ্য পাওয়া গেল, এটি একটি বহুমূল্য সনদও বটে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান