মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৫৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
সূরা তাকাছুর
৫৬. হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের কেউ কি দৈনিক এক হাজার আয়াত তেলাওয়াত করতে পারে না? সাহাবীগণ বললেন, কার এই শক্তি রয়েছে যে, দৈনিক এক হাজার আয়াত তেলাওয়াত করবে? তিনি বললেন, তোমাদের কেউ কি এটা করতে পারবে না যে, সূরা তাকাছুর একবার পড়ে নিবে। বায়হাকী
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَلَا يَسْتَطِيعُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ أَلْفَ آيَةٍ فِي كُلِّ يَوْمٍ؟ " قَالُوا: وَمَنْ يَسْتَطِيعُ أَنْ يَقْرَأَ أَلْفَ آيَةٍ؟ قَالَ: " مَا يَسْتَطِيعُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ أَلْهَاكُمُ التَّكَاثُرُ؟ " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদের এমন কিছু ছোট ছোট সূরা রয়েছে যে, এগুলো নিজ বিষয়বস্তু ও মর্মবাণীর দিক দিয়ে শত শত অথবা হাজার হাজার আয়াতের সমান। সূরা তাকাছুরও এ ধরনের একটি সূরা। এতে দুনিয়া-পূজা ও আখেরাত বিস্মৃতির উপর জোর আঘাত হানা হয়েছে এবং আখেরাতের হিসাব-নিকাশ ও জাহান্নামের আযাবের আলোচনা এভাবে করা হয়েছে যে, যদি অন্তর একেবারে মরে না গিয়ে থাকে, তাহলে এতে চিন্তা ও সচেতনতা সৃষ্টি হওয়া অনিবার্য। এই হাদীসে রাসূলুল্লাহ ﷺ সম্ভবত এ দৃষ্টিকোণ থেকেই এটা পাঠ করাকে হাজার আয়াত পাঠ করার সমান বলেছেন। সামনের কোন কোন হাদীসে অন্যান্য যেসব ছোট ছোট সূরাকে 'কুরআনের অর্ধেক' অথবা 'কুরআনের এক তৃতীয়াংশ' অথবা 'কুরআনের এক চতুর্থাংশ' বলা হয়েছে, সেগুলোর ব্যাপারেও এমনটিই বুঝে নেওয়া চাই। আর এটাও সম্ভব যে, এগুলোর তেলাওয়াতের সওয়াবও এ হিসাবেই বেশী দেওয়া হবে। কেননা, আল্লাহর ভাণ্ডার আমাদের ধারণা ও কল্পনার চেয়ে অনেক অনেক বড়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান