মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ২০৩
হজ্ব অধ্যায়
মক্কার হারামের সম্মান ও মর্যাদা
২০৩. হযরত আব্দুল্লাহ ইবনে আদী ইবনে হামরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে দেখেছি যে, তিনি হাযওয়ারা (নামক টিলার) উপর দাঁড়িয়েছিলেন এবং মক্কাকে উদ্দেশ্য করে বলছিলেন: আল্লাহর কসম! তুমি আল্লাহর ভূমিতে সর্বশ্রেষ্ঠ স্থান এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি। আমাকে যদি এখান থেকে বের হয়ে যেতে এবং হিজরত করতে বাধ্য না করা হত, তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না। -তিরমিযী, আবু দাউদ
کتاب الحج
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ ، قَالَ : رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا عَلَى الحَزْوَرَةِ فَقَالَ : وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللهِ ، وَأَحَبُّ أَرْضِ اللهِ إِلَى اللهِ ، وَلَوْلاَ أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ. (رواه الترمذى وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে এ বিষয়টি স্পষ্টভাবে এসে গিয়েছে যে, মক্কা মুকাররমা পৃথিবীর সমস্ত ভূভাগে সবচেয়ে উত্তম ও আল্লাহর নিকট প্রিয়তর স্থান। আর এটাই হওয়া চাই। কেননা, এখানে আল্লাহর ঘর কা'বা শরীফ রয়েছে যা আল্লাহর বিশেষ তাজাল্লীগাহ এবং কিয়ামত পর্যন্ত মু'মিনদের কেবলা। রাসূলুল্লাহ (ﷺ) নিজেও যার তাওয়াফ করতেন এবং এ দিকে মুখ করেই নামায পড়তেন। এ বিষয়বস্তুর একটি হাদীস প্রায় একই শব্দমালায় হযরত আবূ হুরায়রা রাযি. থেকেও বর্ণিত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান