মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ১৮৯
হজ্ব অধ্যায়
শয়তানকে কংকর নিক্ষেপ
১৮৯. সালেম ইবনে আব্দুল্লাহ তাঁর পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাযি. সম্পর্কে বলেন যে, তিনি শয়তানকে কংকর মারার সময় প্রথমে জামরায়ে উলায় সাতটি কংকর মারতেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলতেন। তারপর নিম্নভূমিতে অবতরণ করে কেবলামুখী হয়ে অনেক্ষণ পর্যন্ত হাত উঠিয়ে দু‘আ করতেন। এরপর জামরায়ে উস্তায় সাতটি কংকর মারতেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলতেন। তারপর বাম দিকে নিম্নভূমিতে গিয়ে কেবলামুখী হয়ে দাঁড়াতেন এবং দীর্ঘক্ষণ হাত উঠিয়ে দু‘আ করতেন। এরপর জামরায়ে আকাবায় গিয়ে বতনে ওয়াদী থেকে সাতটি কংকর মারতেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলতেন; কিন্তু এখানে তিনি দাঁড়াতেন না। তারপর ফিরে যেতেন এবং বলতেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে এভাবেই কংকর মারতে দেখেছি। -বুখারী
کتاب الحج
عَنْ سَالِمٍ ، عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَرْمِي الجَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ ، يُكَبِّرُ عَلَى إِثْرِ كُلِّ حَصَاةٍ ، ثُمَّ يَتَقَدَّمُ حَتَّى يُسْهِلَ ، فَيَقُومَ مُسْتَقْبِلَ القِبْلَةِ ، طَوِيلًا ، وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ ، ثُمَّ يَرْمِي الوُسْطَى بِسَبْعِ حَصَيَاتٍ ، يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحِصَاةٍ ، ثُمَّ يَأْخُذُ بِذَاتِ الشِّمَالِ فََيُسْهَلُ ، وَيَقُومُ مُسْتَقْبِلَ القِبْلَةِ ، ثُمَّ يَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ ، وَيَقُومُ طَوِيلًا ، ثُمَّ يَرْمِي جَمْرَةَ ذَاتِ العَقَبَةِ مِنْ بَطْنِ الوَادِي بِسَبْعِ حَصَيَاتٍ ، يُكَبِّرُ عِنْدَ كُلِّ حِصَاةٍ ، وَلاَ يَقِفُ عِنْدَهَا ، ثُمَّ يَنْصَرِفُ ، فَيَقُولُ « هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ » (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) প্রথম ও দ্বিতীয় জামরায় কংকর মারার পর নিকটবর্তী স্থানে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় পর্যন্ত দু‘আ করতেন, আর শেষ জামরায় কংকর মারার পর এখানে না দাঁড়িয়ে এবং দু‘আ না করেই ফিরে যেতেন। এটাই সুন্নত নিয়ম। আফসোস! আমাদের এ যুগে এ সুন্নতের উপর আমলকারী; বরং এ মাসআলাটি জানে এমন লোকের সংখ্যাও খুব কম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান