মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ৫০
যাকাত অধ্যায়
কোন্ সময়ের দান-সদাকার সওয়াব বেশী
৫০. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ! কোন্ দানের সওয়াব বেশী? তিনি বললেন: সুস্থ এবং সম্পদের চাহিদা থাকা অবস্থায় যখন তুমি দান কর, যখন তোমার দারিদ্র্যের ভয় থাকে এবং ধনী হওয়ার লোভও থাকে। তুমি এমন করো না যে, যখন রূহ কণ্ঠনালী পর্যন্ত এসে যায়, তখন বলতে থাকবে, অমুকের জন্য এতটুকু, অমুকের জন্য এতটুকু। কেননা, এখন তো এ মাল অমুকের (ওয়ারিসদের) হয়েই গিয়েছে। বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : رَجُلٌ قَالَ : يَا رَسُولَ اللهِ ، أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا؟ قَالَ : " أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ ، تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى ، وَلَا تُمْهِلَ حَتَّى إِذَا بَلَغَتْ الْحُلْقُومَ قُلْتَ : لِفُلَانٍ كَذَا ، وَلِفُلَانٍ كَذَا ، أَلَا وَقَدْ كَانَ لِفُلَانٍ "
(رواه البخارى ومسلم)
(رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
মানুষের এটা সাধারণ দুর্বলতা যে, যে পর্যন্ত সে সুস্থ-সবল থাকে এবং মৃত্যু তার সামনে এসে দাঁড়িয়ে না যায়, সে পর্যন্ত সে আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতা করে। শয়তান তাদের অন্তরে কুমন্ত্রণা দেয় যে, যদি তোমরা আল্লাহর পথে খরচ করে ফেল, তাহলে তোমার সম্পদ কমে যাবে, নিজেই গরীব ও অন্যের মুখাপেক্ষী হয়ে যাবে। এ জন্য দানের দিকে তাদের হাত অগ্রসর হয় না। কিন্তু যখন মৃত্যু সামনে এসে যায় এবং জীবনের আশা আর বাকী না থাকে, তখন তাদের দান-খয়রাতের কথা স্মরণ হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এ কর্মপদ্ধতি ঠিক নয়; বরং আল্লাহর দৃষ্টিতে প্রিয় ও পছন্দনীয় দান হচ্ছে সেটা, যা বান্দা সুস্থ-সবল অবস্থায় করে এবং তার সামনে নিজের সমস্যা ও নিজের ভবিষ্যতচিন্তাও থাকে। নিজের ভবিষ্যত চিন্তা সত্ত্বেও সে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আখেরাতের সওয়াব লাভের আশায় আল্লাহর প্রতিশ্রুতির উপর বিশ্বাস ও আস্থা রেখে এ অবস্থায়ই আল্লাহর বান্দাদের উপর খরচ করে যায়। এমন বান্দাদের জন্য কুরআন মজীদে সফলতার প্রতিশ্রুতি রয়েছে। وَمَنۡ یُّوۡقَ شُحَّ نَفۡسِہٖ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)