হাদীসে কুদসী

কিতাবের হাদীস সমূহ

হাদীস নং: ৬৪
কিতাবের হাদীস সমূহ
৬৪। হযরত আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন সানন্দে আমাদের কাছে আসলেন। আমরা বললাম, (আজ) আমরা আপনার চেহারায় প্রফুল্লতা দেখছি! তিনি বললেন, আমার কাছে (একজন) ফিরিশতা এসে বলল, হে মুহাম্মাদ (ﷺ)! আপনার প্রভু বলছেন যে, আপনাকে কি একথা খুশি করবে না, যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ পড়বে আমি তাঁর উপর দশটি রহমত নাযিল করব। আর যে ব্যক্তি আপনার উপর একবার সালাম পাঠাবে আমি তাঁর উপর দশটি শান্তি বর্ষণ করব (সালাম পাঠাব) নবী (ﷺ) শুনে বললেন, অবশ্যই (আমি খুশি হব) ।
أحاديث الكتاب
64- عَنْ أَبِي طَلْحَةَ الانصاري رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَ ذَاتَ يَوْمٍ وَالْبُشْرَى فِي وَجْهِهِ فَقُلْنَا إِنَّا لَنَرَى الْبُشْرَى فِي وَجْهِكَ . فَقَالَ " إِنَّهُ أَتَانِي الْمَلَكُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ رَبَّكَ يَقُولُ أَمَا يُرْضِيكَ أَنَّهُ لاَ يُصَلِّي عَلَيْكَ أَحَدٌ إِلاَّ صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا وَلاَ يُسَلِّمُ عَلَيْكَ أَحَدٌ إِلاَّ سَلَّمْتُ عَلَيْهِ عَشْرًا ؟ قال: بلي "

হাদীসের ব্যাখ্যা:

কুরআনে পাকে আল্লাহ পাক বলেন:
وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى
- "(হে নবী!) আপনার প্রতিপালক অচিরেই আপনাকে এতটুকু দান করবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।"

এ প্রতিশ্রুতির পূর্ণমাত্রায় বাস্তবায়ন তো হবে কিয়ামতের সময়; কিন্তু এটাও তার একটি কিস্তি যে, আল্লাহ তা'আলা তাঁর সম্মান এতটুকু বৃদ্ধি করেছেন, এবং মাহবুবিয়তের এত উঁচু মকাম তাঁকে দান করেছেন যে, যে বান্দা তাঁর মহব্বত ও সম্মানে খালিস আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর প্রতি সালাত ও সালাম প্রেরণ করবে, আল্লাহ তা'আলা তার প্রতি দশটি সালাত ও সালাম প্রেরণের নীতি নিজের জন্যে বেছে নিয়েছেন। স্বয়ং জিবরাইল আমীন মারফত তিনি এ সুসংবাদটি দিয়েছেন এবং প্রিয়ভঙ্গিতে তা দিয়েছেন:
إِنَّ رَبَّكَ يَقُولُ أَمَا يُرْضِيْكَ يَا مُحَمَّدُ
-(আপনার প্রতিপালক বলছেন, আপনি কি এতে সন্তুষ্ট নন হে মুহম্মদ যে....)
আল্লাহ তা'আলা নসীবে রেখে থাকলে, এসব হাদীসের দ্বারা রাসূলুল্লাহ ﷺ-এর মহবুবিয়তের মকাম সম্পর্কে কিছুটা ধারণা করা যেতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান