মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৪৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : কাযা উমরা ও রাসূলুল্লাহ্ (ﷺ) মায়মুনা বিনত হারিছকে বিয়ে করা
৩৪৬. আবদুল্লাহ্ ইব্ন আবী আওফা (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন উমরা করেছিলেন তখন আমরা তাঁর সাথে ছিলাম। তিনি তাওয়াফ করেছেন আমরাও তাওয়াফ করেছি। তিনি নামায আদায় করেছেন আমরাও তাঁর সাথে নামায আদায় করেছি। তিনি সাফা মারওয়াতে সাঈ করেছেন। মক্কাবাসীদের পক্ষ থেকে অপ্রীতিকর কিছু যেন না ঘটতে পারে সেজন্যে আমরা তাঁকে আড়াল করে রেখেছিলাম। অপর এক বর্ণনায় এসেছে যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে শুনেছি তিনি সম্মিলিত শত্রুদলের বিরুদ্ধে দুআ করে বলেছেন, হে আল্লাহ্ (আপনি) কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, শত্রুদলকে পরাজিতকারী! হে আল্লাহ্ আপনি ওদেরকে পরাজিত করে দিন এবং তাদের পা'গুলোকে নড়বড়ে করে দিন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في ذكر عمرة القضاء وزواجه صلى الله عليه وسلم بميمونة بنت الحرث رضى الله عنها
عن عبد الله بن أبى أوفى (3) قال كنا مع رسول الله صلى الله عليه وسلم حين اعتمر فطاف وطفنا وصلى وصلينا معه وسعى بين الصفا والمروة وكنا نستره من أهل مكة لا يصيبه أحد بشيء، زاد في رواية قال فسمعته يدعو على الأحزاب يقول اللهم منزل الكتاب سريع الحساب هازم الأحزاب، اللهم اهزمهم وزلزلهم