মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১০৬
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১০৬। সুফিয়ান (র) যুহরী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমার কাছে আবু বকর ইবন উবায়দিল্লাহ ইবন উমর (র) তার দাদা হতে এবং তিনি নবী (ﷺ)রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, তোমাদের কেউ খাওয়ার ইচ্ছা করলে সে যেন তার ডান হাতে খায় এবং যখন পান করার ইচ্ছা করে তখনও যেন তার ডান হাতে পান করে। কেননা, শয়তান তার বাম হাত দ্বারা খায় এবং বাম হাত দ্বারা পানও করে।
(মুসলিম, তিরমিযী, নাসাঈ)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
حدثنا سفيان عن الزهري حدثني أبو بكر بن عبيد الله بن عمر عن جده عن النبي صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم فليأكل بيمينه، وإذا شرب فليشرب بيمينه فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله

হাদীসের ব্যাখ্যা:

মানুষ নিজের হাতকে পাক-নাপাক প্রতিটি কাজ ও বিষয়ে ব্যবহার করে। এ জন্য তার স্বভাবগত পবিত্রপ্রিয়তার দাবী এটাই যে, নাপাক ও ময়লা পরিষ্কারের মত কাজের জন্য একটি হাত নির্দিষ্ট করে নেওয়া হবে, আর অন্যান্য কাজে অন্য হাত ব্যবহার করা হবে। এই প্রকৃতিগত চাহিদা অনুযায়ী নাপাকী দূর করা ইত্যাদি কাজের জন্য বাম হাতকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর বাকী পানাহার ও অন্যান্য ভালো ও পবিত্র কাজের বেলায় নির্দেশ দেওয়া হয়েছে যে, এগুলো ডান হাতে সম্পাদন করা হবে। সৃষ্টিগত ও প্রকৃতিগতভাবে বাম হাতের তুলনায় ডান হাতের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এক প্রকাশ্য সত্য। অতএব, এ নির্দেশ ও বণ্টন সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেরও অনুকূল। এই ভিত্তিতে বাম হাতে পানাহার করা এমন উল্টো কাজ, যেমন কোন মানুষ হাতের পরিবর্তে পা দিয়ে লেখে। এজন্যই সামনের হাদীসে বলা হয়েছে যে, বাম হাতে খাওয়া শয়তানের তরীকা ও তার কাজ। কেননা, শয়তানের স্বভাবই এই যে, সে প্রতিটি কাজ উল্টো করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান